ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি: ফায়েকুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে ভয়াবহ দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষ স্কিম কমিটির আহ্বায়ক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ফায়েকুজ্জামান বলেন, ‘আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, বিশেষ স্কিম কমিটি এরই মধ্যে এ বিষয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছে। বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকেও বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।ফায়েকুজ্জামান জানান, ‘আগামী শনিবার স্কিম কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আমরা সবকিছু চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেব। সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’পুঁজিবাজার নিয়ে সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় গত ২৭ নভেম্বর ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ স্কিম কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নেওয়াজ হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কমিটিকে দুই মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পরিপূর্ণ প্রতিবেদন জমা দিতে বলা হয়।