ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তথ্য চেয়েছে এসইসি
মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর কাছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পত্রকোষ বা পোর্টফোলিওর তথ্য জানতে চেয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার এসইসির পক্ষ থেকে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে পাঠানো এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এই তথ্য চাওয়া হয়।এসইসির সার্ভিল্যান্স বিভাগের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে এসইসিতে তথ্য জমা দিতে বলা হয়।ওই ফ্যাক্স বার্তায় মার্চেন্ট ব্যাংকগুলোকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন, এমন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তথ্য চাওয়া হয়েছে। তাঁদের পত্রকোষকে তিনটি শ্রেণীতে ভাগ করে এ তথ্য চাওয়া হয়। প্রথম শ্রেণীর মধ্যে এক থেকে এক লাখ টাকা, দ্বিতীয় শ্রেণীতে এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা এবং তৃতীয় শ্রেণীতে পাঁচ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন, এমন পত্রকোষের তথ্য চাওয়া হয়েছে।১৫ নভেম্বর পর্যন্ত এ ধরনের বিনিয়োগকারীদের পত্রকোষের অবস্থা জানতে চাওয়া হয়েছে ওই বার্তায়। এর মধ্যে যেসব বিষয় উল্লেখ করতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে পোর্টফোলিওর বর্তমান অবস্থা, বিনিয়োগের পরিমাণ ও মার্জিন ঋণের পরিমাণ।এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনেই (রেগুলেটরি রিজন) এসব তথ্য চাওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ইচ্ছা করলে এই ধরনের তথ্য চাইতেই পারে।জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে ঋণগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ এবং তাঁদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের লিখিত সুপারিশও করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ ও তাঁদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে এসব তথ্য সংগ্রহ করছে এসইসি।