ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তথ্য দেওয়ার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর তথ্য সংগ্রহের সময় ১৫ দিন বাড়ানো হয়েছে। তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ স্কিম প্রণয়ন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, এর আগে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা তৈরির জন্য বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে এ-সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দেয় কমিটির প্রধান। চিঠিতে তথ্য দেওয়ার জন্য ১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে অনেক প্রতিষ্ঠান তথ্য জমা দিতে ব্যর্থ হয় এবং সময় বাড়ানোর আবেদন করে। যদিও উল্লিখিত সময়ের মধ্যেই আইসিবি ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে এবং সেই অনুযায়ী প্রায় ২০ হাজার বিনিয়োগকারীর সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত সুদ মওকুফের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের পদক্ষেপই গ্রহণ করেনি। এদিকে, মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব জটিলতা নিরসনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে ডিএসইর নেতারা গতকাল বৈঠক করেছেন। তাতে আগামী ছয় মাসের মধ্যে অমনিবাস হিসাবের জটিলতা নিরসনে সবাই একমত হয়েছেন। বৈঠক শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান জানান, আগামী ছয় মাসের মধ্যে অমনিবাস হিসাব আন্তর্জাতিক মানে উন্নীত হবে। অমনিবাসের আওতায় থাকা প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা বিও হিসাব থাকবে। এতে করে এসব হিসাবে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি অনেক বাড়বে। এই জটিলতা নিরসনে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।