ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ১৪ কোটি টাকা সুদ মওকুফ করবে আইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে সুদ মওকুফের সুবিধা দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় গত বৃহস্পতিবার সুদ মওকুফের এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সমপ্রতি ক্ষতিগ্রস্ত বিনিয়োগ-কারীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের দেওয়া সুদ মওকুফের ঘোষণা বাস্তবায়নে আইসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক এস এম মাহফুজুর রহমান পরিচালনা পর্ষদের সভায় গৃহীত সিদ্ধান্তের সত্যতা স্বীকার করেছেন।আইসিবি সূত্র জানায়, প্রতিষ্ঠানটি নয় হাজার ৯৭৪ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর প্রায় ১৩ কোটি ৭৮ লাখ টাকা সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। ২০১০-১১ (জুলাই-জুন) সময়ের জন্য এই সুদ মওকুফ করা হবে। তবে কার্যকর হবে চলতি বছর থেকে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে তার বিপরীতে যাঁরা ঋণসুবিধা নিয়েছেন কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। এর আওতায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। পাশাপাশি ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিও কোটার সুবিধা পাবেন। ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। আইসিবির হিসাবে, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থের বিপরীতে ঋণসুবিধা নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন গ্রাহক বা বিনিয়োগকারীর সংখ্যা নয় হাজার ৯৭৪ জন। এক বছরে তাঁদের সুদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ কোটি ৫৬ লাখ টাকা, যার ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে আইসিবি।এই সুবিধা শুধু মূল আইসিবির গ্রাহকদের জন্য প্রযোজ্য। সুবিধা পেতে বিনিয়োগকারীকে লিখিতভাবে আবেদন জানাতে হবে।