ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর তথ্য চেয়েছে স্কিম কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা বিশেষ ছকে প্রস্তুত করে আগামী ১ এপ্রিলের মধ্যে বিশেষ স্কিম প্রণয়ন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। বিশেষ স্কিম প্রণয়ন কমিটির প্রধান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি এবং দুটি ফরম সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।জানা যায়, স্কিম কমিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও আইসিবির কাছে ওই চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া এর অনুলিপি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব নাসির উদ্দিন আহমেদের কাছেও পাঠানো হয়েছে।ওই চিঠির সঙ্গে মার্জিনঋণ নিয়েছেন—এমন বিনিয়োগকারীদের হিসাব চিহ্নিত করতে ফরম ‘এ-১’ ও নন-মার্জিন বিনিয়োগকারীদের হিসাব চিহ্নিত করার জন্য ফরম ‘এ-২’ পাঠানো হয়েছে সংশ্লিষ্টদের কাছে। ফরম ‘এ-১’-তে বিনিয়োগকারীদের ১৩টি তথ্য দিতে বলা হয়েছে আর ‘এ-২’-তে ১১টি তথ্য দিতে বলা হয়েছে, যা আগামী ১ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।এ ব্যাপারে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও বিশেষ স্কিম প্রণয়ন কমিটির আহ্বায়ক মো: ফায়েকুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এর আগেও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যগুলো অফিসিয়ালি সার্টিফায়েড হওয়ার জন্য আবারও একই তথ্য চাওয়া হয়েছে। নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে আইপিওতে ক্ষতিগ্রস্তদের কোটা নির্ধারণের জন্য নতুন করে এসব তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।এর আগে ৫ মার্চ ১০ লাখ টাকার নিচে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আইপিওতে ২০ শতাংশ কোটা বরাদ্দেরও সিদ্ধান্ত নেওয়া হয়।