ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর সুদ মওকুফ ঘোষণায় আগ্রহ, বাস্তবায়নে পিছুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের ধস ঠেকাতে সরকারের হস্তক্ষেপ কামনা, একের পর এক বৈঠক, বিশেষ সুবিধা আদায়, প্রণোদনা ঘোষণা—কোনোটাতেই আগ্রহের ঘাটতি ছিল না। সবার মুখেই ছিল বিনিয়োগকারীদের জন্য সমবেদনা আর মানবিক আবেদন। আর তাই পুঁজিবাজারসংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার ঘোষণা দেওয়া হয়। সেই প্রণোদনা বাস্তবায়নে তখন ব্রোকারেজ হাউস, স্টক এক্সচেঞ্জের নেতা, ব্যাংক মালিক, নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সবাই ছিলেন অঙ্গীকারবদ্ধ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব সমবেদনা ও অঙ্গীকার পাল্টে গেছে। আর তাই অনিশ্চয়তার মুখে পড়েছে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফসুবিধার বাস্তবায়ন।এই সুবিধা বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার যেমন কোনো দৃঢ়তা নেই, ঠিক তেমনি যাঁরা সুদ মওকুফের আশ্বাস দিয়েছিলেন, তাঁরাও এখন জুড়ে দিয়েছেন নানা শর্ত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শুধু নির্দেশনা জারি করেই চুপচাপ। আর ঋণদাতা বেশির ভাগ প্রতিষ্ঠান চায় বিশেষ সুবিধা। এসব সুবিধার নিশ্চয়তা পেলেই কেবল তারা বিনিয়োগকারীদের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোবে। এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু সরকারি প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বিনিয়োগকারীদের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।গত বছরের ২৩ নভেম্বর পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ‘বিশেষ প্রণোদনা’ ঘোষণা করে এসইসি। তাতে স্বল্প পুজির বিপরীতে ঋণসুবিধা নিয়ে যেসব বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের জন্য বিশেষ স্কিম ঘোষণার নিশ্চয়তা দেওয়া হয়।এ জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়। সেই কমিটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে। তাঁদের মধ্যে যাঁরা ঋণ নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের সুপারিশ করা হয়। বাকি ৫০ শতাংশ সুদ একটি আলাদা হিসাবে স্থানান্তর করে কিস্তির মাধ্যমে আদায়ের পরামর্শ দেয় কমিটি। সেই সঙ্গে মূল ঋণকে আলাদা করে তার ওপর সর্বাধিক ১০ শতাংশ হারে সুদ দাবির সুপারিশ করে। কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ স্কিম ঘোষণা করে। এটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় এসইসিকে। প্রণোদনা ঘোষণার পরপরই এসইসির একাধিক নীতিনির্ধারক অনানুষ্ঠানিক আলাপকালে সাংবাদিকদের বলেছিলেন, যেকোনোভাবেই হোক ঘোষিত প্রণোদনার শতভাগ বাস্তবায়ন করা হবে। সে সময় এমনও বলা হয়, প্রয়োজনে নিজেরা অর্থের সংস্থান করে হলেও বিনিয়োগকারীদের সুদ মওকুফের উদ্যোগ নেবেন। কমিটির দেওয়া তালিকা ও হিসাব অনুযায়ী, দুই স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বিপরীতে এক বছরের সুদের অর্ধেক বাবদ প্রায় ১১৬ কোটি টাকা সুদ মওকুফ করতে হবে। এ জন্য ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। তবে দুই দফা সময় বাড়ানোর পর এই মেয়াদ নির্ধারিত হয়।কিন্তু বেঁধে দেওয়া সময় ফুরিয়ে এলেও এটির বাস্তবায়নের প্রক্রিয়াটি থমকে আছে। সরকারি ও বেসরকারি খাতের কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া কেউই এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে পুরো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানতে চাইলে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের বিষয়ে আমরা সম্মত। এ বিষয়ে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ঘোষিত সুবিধা অনুযায়ী ঋণ পুনঃতফসিলের বিষয়টি বাস্তবায়ন আমাদের পক্ষে সম্ভব নয়। সেটি করতে হলে আমাদের স্বল্প সুদে বিশেষ তহবিল-সহায়তা দিতে হবে। কারণ, আমরা উচ্চ সুদে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা ধার করে এনে সেগুলো ঋণ হিসেবে বিতরণ করেছি। এ জন্য আমরা অর্থ মন্ত্রণালয়সহ এসইসির কাছে লিখিতভাবে আবেদনও জানিয়েছি।’এ বিষয়ে বিশেষ স্কিম প্রণয়ন কমিটির প্রধান মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘বিনিয়োগকারীদের সুদ মওকুফের সুবিধা দেওয়া সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নৈতিক ও মানবিক দায়িত্ব। কারণ, একসময় এসব প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মাধ্যমে অনেক টাকা মুনাফা করেছে।’ডিএসইর শীর্ষ পর্যায়ের ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী ওয়ালিউল ইসলাম প্রথম আলো বলেন, ‘বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়ে আমরা একমত। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা রয়েছে। সেসব বিষয় ইতিমধ্যে আমরা এসইসিকে জানিয়েছি। এ ছাড়া বিশেষ এ স্কিমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে আমাদেরও করসহ কিছু বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া দরকার। তা না হলে প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে।’জানা যায়, বিশেষ স্কিম কমিটি সরকারের কাছে যেসব সুপারিশ করেছিল তাতে প্রতিষ্ঠানগুলোর জন্য কর ছাড়ের কথাও বলা হয়। কিন্তু সরকারের দিক থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।