ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ১৪১০ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এক হাজার ৪১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। যেটির আওতায় জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কের প্রায় চার হাজার ৪৬৮ কিলোমিটার মেরামত করা হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কগুলোর জরুরি পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রতিবছর সড়ক মেরামতের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকে, তাতে সংকুলান না হওয়ায় নতুন করে প্রকল্পটি নেওয়া হয় বলে জানা গেছে।চলতি ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৬৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৭৭০ কোটি টাকা বরাদ্দ করা হবে আগামী অর্থবছরের এডিপিতে। প্রকল্পটির সমুদয় ব্যয় দেশজ উৎস থেকে আসবে।প্রকল্পটির মেয়াদকাল হবে চলতি বছরের জানুয়ারি থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত। এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি অর্থবছরের অর্থ দ্রুত ছাড় করার নির্দেশ দিয়েছেন বলে একনেক বৈঠক সূত্রে জানা গেছে।এদিকে গতকালের একনেক বৈঠকে প্রায় ছয় হাজার ৪৪৫ কোটি টাকার মোট ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়।রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।একনেকে অনুমোদিত ছয় হাজার ৪৪৫ কোটি টাকার এসব প্রকল্পে দেশজ সম্পদ থেকে জোগান দেওয়া হবে ছয় হাজার ৩৩৭ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে বাকি ১০৮ কোটি টাকা।একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও পরিকল্পনাসচিব মনজুর হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।গতকাল অনুমোদিত আরেকটি বড় প্রকল্প হলো ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন’। এ প্রকল্পের আওতায় তিন হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এতে ব্যয় হবে প্রায় দুই হাজার ১১৫ কোটি টাকা। এর আওতায় প্রতিটি সংসদীয় এলাকায় স্থানীয় সাংসদের পছন্দ অনুযায়ী ১০টি করে বিদ্যালয়ের উন্নয়নে এ টাকা খরচ করা হবে।অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ২২৯ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন (তৃতীয় সংশোধিত), ৮৯৫ কোটি টাকার নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একাডেমিক ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত), ৩৮ কোটি টাকার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল শক্তিশালীকরণ, ৯৪ কোটি টাকার বাংলাদেশ কোস্ট গার্ডকে শক্তিশালীকরণ, ৪৬৯ কোটি টাকার ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ, ৮৮ কোটি টাকার রামশীল বাজার সংযোগসহ কোটালীপাড়া (রাধাগঞ্জ)-দক্ষিণ ডাসার সড়ক উন্নয়ন, ৬৫৪ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য ২০ সেট ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট সংগ্রহ, ১৪৭ কোটি টাকার দেশের গুরুত্বপূর্ণ ২৫টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন এবং ৩০৬ কোটি টাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আইসিটির মাধ্যমে শিক্ষা প্রচলন।