ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেবে এসইসি
পুঁজিবাজারে দরপতনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ-সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), দুই স্টক এক্সচেঞ্জের ২৮৮টি সদস্য ব্রোকারেজ হাউস, ২৮টি মার্চেন্ট ব্যাংক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে (বিএমবিএ) এই নির্দেশ দেওয়া হবে। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিএসইর ২০৯টি স্টক ব্রোকার ও সিএসইর ৭৯টি স্টক ব্রোকারের প্রেরিত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চূড়ান্ত তালিকা অনুযায়ী এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন করে এ-সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন আগামী ১৪ আগস্টের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। একই সঙ্গে ডিএসই ও সিএসই এর সদস্য ব্রোকারেজ হাউসের ওই পরিপালন-সংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হবে।’সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮টি মার্চেন্ট ব্যাংককেও সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পূরণের বিষয়টি পরিপালন করে এ-সংক্রান্ত তথ্য এসইসিতে জমা দিতে বলা হবে। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংকের এই পরিপালন-সংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দেওয়ার জন্য বিএমবিএকে নির্দেশ দেওয়া হবে। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংক ও পোর্টফলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩৬ তফসিলের ক্রমিক ১৪-তে প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশ দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।এ ছাড়া স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ২০১২ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত চাঁদা গ্রহণকারী কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় আজকের সভায়।এসইসি সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের তালিকা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে জমা দেন বিশেষ স্কিম কমিটির আহ্বায়ক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। এর আগে গত ২২ নভেম্বর শেয়ারবাজারে স্থিতিশীলতা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকারের নির্দেশে এসইসি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। প্যাকেজে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দিতে একটি বিশেষ স্কিম কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।এ কমিটি তিন মাসের বেশি সময় ধরে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে কাজ করে। নিজস্ব পুঁজি হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন ঋণের ৫০ শতাংশ সুদ মওকুফ এবং আইপিওতে ২০ শতাংশ কোটা বরাদ্দের সুপারিশ করে কমিটি।