
রানা প্লাজা ধসের ঘটনার আট মাস পূর্ণ হচ্ছে আজ বুধবার। তবে এখন পর্যন্ত এ ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবার ক্ষতিপূরণ পায়নি। অবশ্য তাঁদের সহায়তায় চার কোটি ডলার বা ৩২০ কোটি টাকার (প্রতি ডলার গড়ে ৮০ টাকা ধরে) একটি তহবিল গঠন করেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনগুলো।
স্পেনের এল করতে ইংলেস, যুক্তরাজ্যের বোনমার্শে, কানাডার লোব্ল এবং ডাবলিনভিত্তিক প্রাইমার্ক এই তহবিলে অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য নিউইর্য়ক টাইমস-এর।
এই তহবিল গঠনে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান যুক্ত হয়নি। নতুন এই তহবিল পোশাকশ্রমিকদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাভারের রানা প্লাজা গত ২৪ এপ্রিল ধসে পড়ে। এতে পাঁচটি পোশাক কারখানা ছিল। ভয়াবহ এই দুর্ঘটনায় এক হাজার ১৩৪ জন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।
এই তহবিল প্রতিষ্ঠার আলোচনায় অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ ৪২ হাজার টাকা) অর্থ দেওয়া হবে। একই সঙ্গে আহত ও পঙ্গু শ্রমিকদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।
তহবিল গঠনে জড়িত সদস্যরা জানান, তাঁরা আশা করছেন, আগামী ফেব্রুয়ারি থেকে ক্ষতিপূরণ দেওয়া শুরু হতে পারে। যদিও এখনো এটা নিশ্চিত হয়নি কোন প্রতিষ্ঠান কত অর্থ দেবে। আর সরকার কত টাকা ওই তহবিলে অনুদান দেয়, তার ওপর নির্ভর করেই প্রতিষ্ঠানগুলো বাকি অর্থ দেবে।
বিশ্বব্যাপী শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করা ক্লিন ক্লথস ক্যামপেইনের আন্তর্জাতিক সমন্বয়কারী ইনেকে জেলদেনরাস্ট বলেন, এই অর্থ কিস্তিতে দেওয়া হবে। আগামী দিনগুলোতে পরিবারগুলো যাতে ওই অর্থ দিয়ে নিজেদের জন্য স্থায়ী কিছু করতে পারে, এমন আশ্বাসে এই অর্থ দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা মনে করি, এই শর্তে অর্থ দেওয়া হলে তা ভালো ফল বয়ে আনবে।’
ইতিমধ্যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাংলাদেশ সরকার এবং প্রাইমার্কের পক্ষ থেকে কয়েক মাসের জন্য স্বল্প মেয়াদে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু এসব পরিবার দীর্ঘ সময়ের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে।
ক্ষতিপূরণ তহবিল গঠনের চুক্তিতে যেসব সংগঠন সই করেছে—বাংলাদেশের বিজিএমইএ, এমপ্লয়ার্স ফেডারেশন ও কোয়ালিশন অব লেবার ইউনিয়নস এবং ইন্ডাস্ট্রি অল গ্লোবাল ইউনিয়ন।
লোব্লর করপোরেট অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রবার্ট চান্ট বলেন, ‘রানা প্লাজা ধসের ঘটনার পর আমরা দ্রুত সিদ্ধান্তে আসি, যাঁরা এ দুর্ঘটনায় বেঁচে গেছেন তাঁদের জন্য এবং তাঁদের পরিবারের জন্য এই ক্ষতিপূরণ শুধু অপরিহার্যই নয়, বরং যাঁরা রানা প্লাজার সেসব কারখানার কাছ থেকে পোশাক কিনতেন—এটা আমাদের দায়িত্বও।’ চান্ট আরও বলেন, ‘আমরা এখনো আশাবাদী, অন্য ক্রেতারাও আমাদের সঙ্গে যোগ দেবে।’
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার ২৯ ক্রেতা প্রতিষ্ঠান এই তহবিলে যোগ দেওয়ার কথা। তবে এখন পর্যন্ত মাত্র চারটি প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।’ তিনি জানান, মোট তহবিলের টাকার পরিমাণ ঘোষণা করা হয়েছে। তবে কে কত দেবে, তা এখনো নির্ধারিত হয়নি।