ক্ষতিগ্রস্তদের জন্য মিউচুয়াল ফান্ডে ২০ শতাংশ কোটা
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের সব পাবলিক ইস্যুতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির ৪৫৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের সকল পাবলিক ইস্যুতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি আজ অনুমোদন দেওয়া হয়। তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণের এই বিষয়টি গত ১ জুলাই থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে মিউচুয়াল ফান্ডের সকল পাবলিক ইস্যুর জন্য প্রযোজ্য হবে।’যেসব মিউচুয়াল ফান্ড এখনো কমিশনের নিবন্ধন পায়নি সেসব নতুন মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে আসার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ১৫ ও উপধারা ১-এর শর্তানুযায়ী সম্পদ ব্যবস্থাপকের নাম সহকারে শুরু হবে বলে আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডকে ২৯ লাখ ৬৫ হাজার সাধারণ শেয়ার (প্রতিটি ১০ টাকা মূল্যমানের) ইস্যুর মাধ্যমে দুই কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা মূলধন উত্তোলনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই মূলধন বাড়ানোর ফলে প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ৩৮ কোটি টাকায় উন্নীত হবে।