ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফে সম্মতি মার্চেন্ট ব্যাংকগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফে সম্মত হয়েছে মার্চেন্ট ব্যাংকগুলো। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ এ কথা জানান।এ হাফিজ বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুদ মওকুফের বিষয়ে সব মার্চেন্ট ব্যাংক একমত হয়েছে। তবে এর আগে সুদ মওকুফ করলে মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা খতিয়ে দেখতে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।এ বিষয়ে বিএমবিএর সহসভাপতি তানজিল চৌধুরী জানান, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ অনুযায়ী এসইসির কাছে স্কিম বাস্তবায়নের জন্য কিছু সুযোগ-সুবিধা চাওয়া হবে। এরপর এসইসি সিদ্ধান্ত নিয়ে মার্চেন্ট ব্যাংকারদের জানাবে। তবে এ জন্য সুদ মওকুফের বিষয়টি আটকে থাকবে না বলেও জানান তিনি।ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিনঋণের সুদ মওকুফের প্রক্রিয়া সম্পর্কে তানজিল চৌধুরী বলেন, বিশেষ স্কিম কমিটি যেভাবে স্কিম বাস্তবায়নের সুপারিশ করেছে এবং আইসিবি যেভাবে সুদ মওকুফ করেছে, মার্চেন্ট ব্যাংকগুলোও একই পথ অবলম্বন করবে।এ ছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২০ শতাংশ কোটাসুবিধা বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি বলেন, ‘এ বিষয়ে এসইসিকে মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে একটি সুপারিশ দেওয়া হয়েছে। আমাদের সুপারিশের সঙ্গে এসইসি একমত পোষণ করেছে। তাই এ বিষয়ে আর চিন্তার কিছু নেই।’বৈঠকে বিএমবিএর সদস্য মার্চেন্ট ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১০ জুলাই এসইসির ৪৩৮তম কমিশন বৈঠকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও স্কিম কমিটি প্রণীত স্কিম বাস্তবায়নের জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেয়।ওই দিন এসইসির এক সংবাদবিজ্ঞপ্তিতে আগামী ১৪ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সব মার্চেন্ট ব্যাংককে এ-সংক্রান্ত নির্দেশ পরিপালন করে সেই তথ্য বিএমবিএকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এই পরিপালন-সংক্রান্ত সমন্বিত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।