ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফে সময় চেয়েছে বিএমবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার। এরই মধ্যে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তাদের গ্রাহকদের সুদ মওকুফের কার্যক্রম শুরু করলেও মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। গত রোববার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে তিন মাস সময় বাড়ানোর আবেদন করা হয়। বিএমবিএ সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে এটি নিশ্চিত করেছেন। মোহাম্মদ এ হাফিজ বলেন, এসইসির নির্দেশনা অনুযায়ী অধিকাংশ মার্চেন্ট ব্যাংক সুদ মওকুফের কার্যক্রম শুরু করেছে। তবে এটা পুরোপুরি পরিপালন করতে সময়ের প্রয়োজন। তাই বিএমবিএর পক্ষ থেকে তিন মাস সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।গত ১০ জুলাই এসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএসই ও সিএসইর ব্রোকারেজ হাউসগুলোকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফসংক্রান্ত প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার নির্দেশ দেয়।একই সঙ্গে ডিএসই ও সিএসইকে তাদের সদস্য ব্রোকারেজ হাউসগুলোর নির্দেশনা পরিপালনসংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। আর মার্চেন্ট ব্যাংকগুলোকেও সুদ মওকুফসংক্রান্ত নির্দেশনা পরিপালন করে এ-সংক্রান্ত প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে বিএমবিএর কাছে পাঠাতে বলা হয়। নির্দেশনা পরিপালনসংক্রান্ত সমন্বিত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দেওয়ার জন্য বিএমবিএকে নির্দেশ দেওয়া হয়।এর আগে বিএমবিএ পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৯০০ কোটি টাকা পুনরর্থায়ন সহায়তা চায়। ওই দিন ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ এবং এর উত্তরণের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিএমবিএর পক্ষ থেকে এই ঋণ-সহায়তা চাওয়া হয়।শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সবচেয়ে বেশি মার্জিন ঋণ দিয়ে থাকে।