ক্ষতিগ্রস্তদের স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে চলছে। কাজটি কষ্টসাধ্য হলেও রানা প্লাজা সমন্বয় কমিটি তা ঠিকমতোই করে যাচ্ছে।
রাজধানীর গুলশানের নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এমন বক্তব্যই দিয়েছে সমন্বয় কমিটি।
কমিটি বলেছে, গঠিত তহবিলে এখনো প্রতিশ্রুত অর্থের মধ্যে ৩০ লাখ ডলার পাওয়া যায়নি। এই অর্থ পেলে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়ার কার্যক্রম দ্রুতই শেষ করা যাবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত হন। কিন্তু ঘটনার দুই বছরেও ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ না পাওয়া এবং ক্ষতিপূরণের অর্থের পরিমাণ নিয়ে গণমাধ্যমে সমালোচনা চলছে। এসব বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সমন্বয় কমিটির কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ক্ষতিপূরণ দেশে উত্তরাধিকার আইনে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিদ্যমান নীতিমালার ১২১ ধারা অনুসরণ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী, শ্রমিকদের সর্বশেষ প্রাপ্ত বেতন, নিহত শ্রমিকের বয়স, তাঁর ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, সদস্যদের বয়স এসব বিবেচনা করা হয়েছে। এ জন্য তারতম্য হয়েছে ক্ষতিপূরণের পরিমাণে। এ ক্ষেত্রে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিস্থিতি আলাদাভাবে বিবেচনায় নিতে হয়েছে। তিনি বলেন, ভালোভাবে কাজটি শেষ করতে সমন্বয় কমিটির সর্বোচ্চ চেষ্টা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত তহবিলের জন্য প্রতিশ্রুত অর্থের মোট পরিমাণ ২ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে ২ কোটি ৪০ লাখ ডলার পাওয়া গেছে। বাকি ৩০ লাখ ডলার এখনো পাওয়া যায়নি।
অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রাপ্ত অর্থের মধ্যে প্রাইমার্কের দেওয়া ৯০ লাখ ডলার ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে খরচের অর্থও যুক্ত রয়েছে। এসব অর্থ ও অন্যান্য খরচ বাদ দিয়ে ক্ষতিপূরণের জন্য মোট ব্যয় হবে ১ কোটি ৬৪ লাখ ডলার। এ পর্যন্ত ২ হাজার ৮৭১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের স্বজনদের ক্ষতিপূরণের ৭০ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সমন্বয় কমিটির আরেক কমিশনার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল এবং কমিটির নির্বাহী পরিচালক মুজতাবা কাজাজি।