
সাভারের রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত শ্রমিক প্রত্যেকে এ পর্যন্ত ৫০ হাজার টাকা করে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ পেয়েছেন। তবে বাকি টাকা কবে বুঝে পাবেন, সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। এমনকি নিহত শ্রমিকের ওপর নির্ভরশীল স্বজনেরা ক্ষতিপূরণ বাবদ কে কত অর্থ পাবেন, সেটিও চূড়ান্ত হয়নি।
এদিকে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে অর্থ দিতে বিদেশি ব্র্যান্ড বা ক্রেতা প্রতিষ্ঠানগুলো খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। রানা প্লাজা ধসের পর থেকেই তহবিলে অর্থ দেওয়ার জন্য ক্রেতা প্রতিষ্ঠানকে উদ্ধুদ্ধ করার প্রচারণা চালিয়ে আসছিল আন্তর্জাতিক শ্রম সংগঠনগুলো। তবে মাস খানেক ধরে সেটিও ঝিমিয়ে গেছে। ফলে উদ্যোগটি পুরোপুরি সফল না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে এক কোটি ৭০ লাখ মার্কিন ডলার। অবশ্য ক্ষতিপূরণের জন্য প্রয়োজন চার কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩২০ কোটি টাকা। রানা প্লাজায় পাঁচ কারখানা থেকে ২৯টি ব্র্যান্ড বা ক্রেতা প্রতিষ্ঠান পোশাক তৈরি করাত। এই ব্র্যান্ডগুলো বছরে গড়ে দুই হাজার ২০০ কোটি ডলার মুনাফা করে। আর এই মুনাফার মাত্র দশমিক ২০ শতাংশ দিলেই ক্ষতিপূরণের জন্য প্রাক্কলিত চার কোটি ডলারের চেয়েও বেশি অর্থ উঠে আসার কথা। এমন তথ্যই দিয়েছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন।
এদিকে, ক্ষতিপূরণ বিষয়ে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএও কার্যকর উদ্যোগ নেয়নি। শ্রমিকদের বেতন, চিকিৎসা, পুনর্বাসন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান বাবদ সাড়ে ১৪ কোটি টাকা ব্যয় করেই দায়িত্ব শেষ করেছে সংগঠনটি। এ ছাড়া, ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি উদ্যোগ নেন, গঠন করা হয় উচ্চপর্যায়ের কমিটি। ওই কমিটি হাইকোর্টে প্রতিবেদন জমা দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে ক্ষতিপূরণের বিষয়ে এখনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয়নি। আর এ জন্যই ক্ষতিপূরণের পুরো বিষয়টি ‘চ্যারিটি’ হয়ে গেছে বলে মনে করেন শ্রমিক সংগঠনের নেতারা।
রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিক ও নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য গত বছরের সেপ্টেম্বরে ‘রানা প্লাজা কো-অর্ডিনেশন কমিটি’ গঠিত হয়। এই কমিটির নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
ক্রেতারা প্রত্যাশিত অর্থ না দেওয়ায় এখন কমিটির পক্ষ থেকে বিভিন্ন দেশের সরকারের কাছে তহবিলে সহায়তা চাওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে কমিটির সদস্য রায় রমেশ চন্দ্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও কানাডাসহ কয়েকটি দেশের সরকারের কাছে তহবিলের জন্য অর্থ চাওয়া হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ সরকারকেও আহ্বান জানানো হবে।
অবশ্য এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, এমনটি করলে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন² হবে। নিজেদের আপত্তির কথা কমিটির বৈঠকে জানিয়েছেন বলে দাবি করেন তিনি৷ তিনি আরও বলেন, ‘ক্রেতাদের অর্থ দেওয়া উচিত। এজন্য আইএলও উদ্যোগ নিতে পারে। বিজিএমইএ দিয়েছে, প্রয়োজনে আরও দিতে প্রস্তুত আছে। ’
দেশের পোশাক খাতের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গত বছরের ২৪ এপ্রিল। সাভারের নয়তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে মারা যান সেখানে থাকা পাঁচ পোশাক কারখানার এক হাজার ১৩৫ জন শ্রমিক। আহত হন আরও কয়েক শতাধিক শ্রমিক। গত শুক্রবার ভবন ধসের ঘটনার ১৩ মাস পূর্ণ হয়েছে।
আন্দোলন ঝিমিয়ে গেছে: রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ডে ২৯ ব্র্যান্ডের মধ্যে ১৫টিই এখন পর্যন্ত কোনো অর্থ দেয়নি।
রানা প্লাজা ধসের পরই ক্রেতাদের কাজ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় ও শ্রমিকদের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত করতে দেশি-বিদেিশ শ্রম সংগঠনগুলো আন্দোলন শুরু করে। তহবিল গঠনের পর সেটি আরও জোরালো হয়। গত মাসে রানা প্লাজা এক বছর পূর্তির সময় উল্টো পোশাক পরে প্রতিবাদ-প্রচারণা হয় বিভিন্ন দেশে। এর পরই যাবতীয় কার্যক্রম ‘অনেকটা ঝিমিয়ে পড়েছে’৷
জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, আন্তর্জাতিক শ্রম সংগঠনগুলো বর্তমানে কনভেনশন নিয়ে কিছুটা ব্যস্ত। তবে এই সব কনভেনশন থেকেই আবার ক্রেতাদের কাছ থেকে অর্থ আদায়ে উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ক্ষতিপূরণ দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে সাভার ক্যান্টনমেন্টে ক্ষতিগ্রস্তদের কাছ দাবিনামা (ক্লেইম ফরম) পূরণ চলছে। নিখোঁজদেরও এই তালিকার আওতায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রত্যেক উত্তরাধিকারের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলে দেওয়া হচ্ছে।
কো-অর্ডিনেশন কমিটি জানায়, গত মাসে ক্ষতিগ্রস্ত তিন হাজার ৬৩৯ জনকে ৫০ হাজার করে মোট ১৪ কোটি ২০ লাখ টাকা বিকাশের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, গত সোমবার (১৯ মে) পর্যন্ত এক হাজার ২০০ শ্রমিকের দাবিনামা পূরণ এবং তাঁদের ওপর নির্ভরশীল এক হাজার ৭০০ মানুষের ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের বাকি টাকা কবে পাবেন কিংবা নিহত শ্রমিকের ওপর নির্ভরশীল স্বজনেরা কত পাবেন, সেটি চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বৈঠক চলছে। আর সবকিছুই নির্ভর করছে তহবিলে অর্থ প্রাপ্তির ওপর—এমনটাই জানালেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ‘সরকারের উচিত ছিল দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা। তাহলে আমাদের এত বিদেিশদের ওপর নির্ভর করতে হতো না। এমনকি বিজিএমইএ কিছু অর্থ দিয়ে পার পেত না।’
প্রয়োজন
৩২০
কোটি টাকা
জমা
১৩৬
কোটি টাকা৷ এই টাকা রয়েছে রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফােন্ড
প্রদান
১৪ কোটি
২০ লাখ টাকা৷ প্রত্যেক ক্ষতিগ্রস্ত পেয়েছেন
৫০ হাজার টাকা
রানা প্লাজার পাঁচ কারখানায় পোশাক তৈরি করাত এমন ২৯ ব্র্যান্ডের মধ্যে এখনো অর্থ দেয়নি
১৫টি
আটকে আছে উদ্যোগ
১ ক্ষতিপূরণ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কমিটি প্রতিবেদন দিলেও হাইকোর্ট এখনো কোনো সিদ্ধান্ত দেননি
২ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ১২৭ কোটি টাকার মধ্যে
ব্যয় মাত্র ২২ কোটি
নিষ্ক্রিয় বিজিএমইএ
শ্রমিকদের বেতন, চিকিৎসা, পুনর্বাসন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান বাবদ সাড়ে ১৪ কোটি ব্যয় করেই দায়িত্ব শেষ করেছে সংগঠনটি
সূত্র: জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজিএমইএ ও ওয়েবসাইট