সাভারের রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম

প্রথম আলো: রানা প্লাজা ধসের পর সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। কারখানার কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশের পোশাক খাত বড় প্রশ্নের মুখে পড়ে যায়। ঠিক এক বছর পর পোশাকশিল্প এখন কোন অবস্থায়?
আতিকুল ইসলাম: এক বছর আগে ভবনধসের দিনটিতে ফিরে তাকালে দেখা যাবে, তখন থেকে একেকটি দিন বা একেকটি ঘণ্টা পার করা খুব কঠিন ছিল। ওই ঘটনার পরম্পরায় মনে হয়েছে পোশাক খাতের আকাশে এতটাই কালো মেঘ জমেছিল, যা বিজিএমইএর একার পক্ষে সরানো খুব কঠিন। তবে ভেদাভেদ ভুলে সে সময় সবাই একসঙ্গে আন্তরিকতা নিয়ে কাজে নেমেছিলেন। ফলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, পোশাকশিল্প আবার ঘুরে দাঁড়িয়েছে। রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক ধারা অব্যাহত থাকাই এর বড় প্রমাণ। এ ছাড়া, সারা বিশ্বে আমরা কিছু বার্তা দিতে পেরেছি। সেগুলো হচ্ছে, ক্রেতাদের দুই জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং জাতীয় কর্মপরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছি। কঠিন হলেও কাজটি আন্তরিকতার সঙ্গে আমরা করে যাচ্ছি। ইতিমধ্যে ৭০০ কারখানার পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে। আর পুরো কাজ শেষ হলে পোশাকশিল্পের জন্য বাংলাদেশ একটি মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে।
প্রথম আলো: রানা প্লাজা ধসের ঘটনায় পোশাকশিল্পের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকে। গত এক বছরে সেটি কতটুকু পুনরুদ্ধার হয়েছে বলে আপনি মনে করেন?
আতিকুল ইসলাম: রানা প্লাজা দুর্ঘটনার পর সবাই বলেছিলেন, ৮০ শতাংশ কারখানাই ঝুঁকিপূর্ণ। তবে এটি যে ভুল, সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। এখন পর্যন্ত পরিদর্শন শেষ হওয়া ৭০০ কারখানার মধ্যে মাত্র ১১টি বন্ধ করা হয়েছে। তা ছাড়া, বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে তিনটি ছিল বিজিএমইএর তিন পরিচালকের। তাঁরা আমার কাছে এক দিন সময় চেয়েছিলেন। কিন্তু আমি এক ঘণ্টাও সময় দিইনি। ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধের বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমরা সময়মতো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিয়েছি। কখনোই আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, আর এটাই আমাদের কোয়ালিটি। তাই আমি মনে করি, শতভাগ না হলেও হারানো ভাবমূর্তির ৮০ ভাগ আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। যেহেতু ৮০ ভাগ পেরেছি, বাকি ২০ ভাগও পারব।
প্রথম আলো: শ্রম সংগঠন বা ট্রেড ইউনিয়ন করতে এখনো মালিকেরা বাধা দিচ্ছেন, এমন অভিযোগ পাওয়া যায়। এ ক্ষেত্রে বিজিএমইএর অবস্থান কী?
আতিকুল ইসলাম: আমরা ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কাউকে বাধা দেব না—এটাই হচ্ছে বিজিএমইএর অবস্থান। সুস্থ ও গঠনমূলক ট্রেড ইউনিয়নকে আমরা সব সময় স্বাগত জানাতে প্রস্তুত। যদিও আমাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয়, তারপরও এটি করতে দিতে হবে। এটি শ্রমিকের দেশীয় ও আন্তর্জাতিক আইনগত অধিকার। তবে আমাদের মনে রাখতে হবে, এখন যাঁরা ট্রেড ইউনিয়ন করছেন, তাঁদের বয়স হচ্ছে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এদের রক্ত গরম। তাই এদের ট্রেড ইউনিয়ন বিষয়ে পর্যাপ্ত শিক্ষা দিতে হবে। পাশাপাশি পোশাক কারখানার উদ্যোক্তা ও মধ্যম সারির কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। অন্যদিকে ১৯ জন মালিকের বিরুদ্ধে ট্রেড ইউনয়ন করতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। বাণিজ্যমন্ত্রী সেসব মালিকের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করেছেন। তবে যে ধরনের অভিযোগ উঠেছে, তা পুরোপুরি ঠিক নয়। ট্রেড ইউনিয়নবিষয়ক সমস্যা সমাধানে বিজিএমইএতে ইতিমধ্যেই একটি সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে।
প্রথম আলো: রানা প্লাজা ধসের জন্য বিজিএমইএ কাদের দায়ী মনে করে?
আতিকুল ইসলাম: আমরা প্রথমত দায়ী মনে করি সেখানকার প্রশাসনিক দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা। যাঁরা বলেছিলেন ১০০ বছরেও ভবনের কিছু হবে না। এরপর দায়ী ভবনমালিক। সে-ই বা কীভাবে বলল, ভবন ঠিক আছে। পোশাকমালিকেরা সেখানে ছিলেন ভাড়াটে। তাঁদের বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে, ভবন ঠিক আছে। তাঁরা সেই অনুযায়ী এসেছেন। অথচ সেসব কারখানার মালিকেরা এখন বিনা বিচারে জেল খাটছেন। তার পরও আমি মনে করি, এই দুর্ঘটনার দায় কারখানা মালিকেরা এড়াতে পারেন না। তবে ক্রমানুযায়ী দায়ী ব্যক্তিদের তালিকা করা হলে সেখানে তৈরি পোশাকমালিকেরা অনেক নিচে থাকবেন।
প্রথম আলো: ভবনধসে হতাহতদের জন্য বিজিএমইএ এখন পর্যন্ত সাড়ে ১৪ কোটি টাকা খরচ করেছে। তবে ক্ষতিপূরণ বিষয়ে চুপ। এ বিষয়ে আপনাদের বক্তব্য কী?
আতিকুল ইসলাম: রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিপূরণ বা সহায়তার বিষয়ে আমরা দায়িত্ব শেষ বলে মনে করি না। এটি একটি চলমান প্রক্রিয়া। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আমার আলাপ-আলোচনা অব্যাহত আছে। আমরা কখনো বলিনি যে আমরা আমাদের দায়িত্ব শেষ করেছি। যদি কোনো আহত শ্রমিক টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমনটা বিজিএমইএকে জানান, তবে আমরা ব্যবস্থা করে দেব। এ বিষয়ে আমাদের কোনো
নেতিবাচক মনোভাব নেই। যদি দরকার হয় তাহলে আগামী দিনে বিজিএমইএ অবশ্যই আন্তর্জাতিক তহবিলে অর্থসহায়তা করতে প্রস্তুত। আমরা কখনো বলিনি আর কোনো টাকা দেব না। অতীতেও আমরা দিয়েছি, ভবিষ্যতেও দরকার হলে দেব।
[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন ও শুভংকর কর্মকার]