ক্ষতিপূরণ চাইছেন রানা প্লাজা ও তাজরীনের শ্রমিকেরা
সাভারের ধসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আজ মঙ্গলবার সমাবেশ, প্রতীকী অবস্থান ও মিছিল করেছেন শ্রমিকেরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
রানা প্লাজা ধসের আট মাস পূর্তিতে আজ সকাল ১০টার দিকে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন। ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত সমাবেশে সাভার থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান, ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহানাজ আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এনামুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আমার চেষ্টা অব্যাহত থাকবে।’
আশরাফ উদ্দিন খান বলেন, রানা প্লাজা ধসের উপযুক্ত বিচার হতে হবে। ভবনের মালিক রানা যাঁদের ছত্রচ্ছায়ায় ছিলেন এবং পালানোর সুযোগ পেয়েছিলেন, তাঁদেরও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ভবন ধসের আট মাস পার হয়ে গেলেও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে কঙ্কাল এবং মানুষের মাথার খুলি বের হচ্ছে। এ থেকে মনে হয়, ওই ধ্বংসস্তূপে অনেক শ্রমিক চাপা পড়েছেন।
সমাবেশ শেষে ধসে পড়া রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি সিটি সেন্টার হয়ে রানা প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
রানা প্লাজা ধসের আট মাস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১৩ মাস পর বেলা ১১টার দিকে রানা প্লাজার সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সেখানে সংগঠনের নেতা এবং রানা প্লাজা ও তাজরীনের শ্রমিকেরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে সস্তায় শ্রম কিনে বিদেশি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে। কিন্তু শ্রমিকদের লাভের কথা ভাবে না। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা এগিয়ে আসে না। তাই দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক বলেন, শ্রমিকেরা ভিক্ষা চান না, উপযুক্ত ক্ষতিপূরণ চান। প্রতিটি নিহত শ্রমিকের পরিবারকে ২৮ লাখ আর আহত শ্রমিকদের অন্তত ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ারকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাত দিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তাজরীনের শ্রমিকেরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করবেন।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বলেন, ‘আমরা আর দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু অথবা পঙ্গুত্ব বরণ করতে চাই না। কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপদে কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে।’