ক্ষতিপূরণ চাইতে বাংলাদেশ প্রতিনিধিদল ফিলিপাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের বাকি সাড়ে ছয় কোটি ডলার উদ্ধারে এখন ফিলিপাইনে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দলটি রিজার্ভ চুরির ঘটনায় ক্ষতিপূরণ দাবি করবে বলে জানা গেছে। তবে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়ে গেছে।

দেশটির আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সিনেটের চেয়ারম্যান, গভর্নরের সঙ্গে অবশ্য বাংলাদেশের প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র আর্নেস্তো অ্যাবেলা গতকাল সোমবার বৈঠক বাতিলের তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে রাষ্ট্রপতির ওপর তাৎক্ষণিকভাবেই মনোযোগ দেওয়ার চাপ থাকতে পারে বলে তা বাতিল করা হয়েছে।

এদিকে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিশ্চয়ই আমরা রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন কাছে অর্থ দাবি করব। সিনেটের কিছু সভায় তারা পরিষ্কারভাবে জানিয়েছিল, দোষ প্রমাণ হলে বাংলাদেশকে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত তারা।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি ডলার নগদ ফেরত দিয়েছে ফিলিপাইন। তবে বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার উদ্ধারে এখনো কোনো অগ্রগতি হয়নি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিনিধিদল ফিলিপাইন পাঠিয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত তারা ফিলিপাইন সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে।

আইনমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান।

জানা গেছে, রিজার্ভের চুরি হওয়া অংশের আরও ৪ কোটি ৭০ লাখ ডলার (৩৭১ কোটি টাকা) উদ্ধারের আশা করছে বাংলাদেশ ব্যাংক। এসব অর্থ ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনো থেকে জব্দ করা হয়েছিল, যা নিয়ে বর্তমানে দেশটিতে মামলা চলছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানও সম্প্রতি এসব কথা জানিয়েছেন। মূলত এ অর্থ আদায়ের লক্ষ্যেই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি ফিলিপাইনে রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় ও বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে যায়। শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত পাওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইন থেকে ফেরত পাওয়ায় বাকি থাকল আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার।