তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত তহবিলে ২৫ লাখ ডলার বা ২০ কোটি টাকা জমা হয়েছে। বিদেশি পাঁচটি ক্রেতা প্রতিষ্ঠান ও সংস্থা তহবিলে এ অর্থ দিয়েছে।
তাজরীন ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্টের (টিসিএ ট্রাস্ট) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জার্মানিভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ১০ লাখ, হংকংভিত্তিক লি অ্যান্ড ফাং গ্রুপের ফাং ফাউন্ডেশন ১০ লাখ, জার্মানির কিক দেড় লাখ, ব্র্যাক ইউএসএ আড়াই লাখ এবং স্পেনের মাদ্রিদের এল কর্টি ইংলেস তহবিলে এক লাখ ডলার দিয়েছে। গত মাসে তহবিলে অর্থের পরিমাণ ছিল সাড়ে ২১ লাখ মার্কিন ডলার, এখন এসে তা বেড়ে ২৫ লাখ ডলারে উন্নীত হয়েছে।
টিসিএ ট্রাস্টের কর্মকর্তারা জানান, আগামী মাস থেকে ক্ষতিপূরণের টাকা বিতরণ শুরু হতে পারে। আগে নিহত ব্যক্তিদের পরিবারকে ও পরবর্তী সময়ে আহত শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে। আগামী এপ্রিলের মধ্যে দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস নামের তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৪ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে।
টিসিএ ট্রাস্ট জানায়, ক্ষতিপূরণের সর্বনিম্ন হার নির্ধারণে রানা প্লাজা ধসের ঘটনায় দেওয়া ক্ষতিপূরণকে বিবেচনায় নেওয়া হয়েছে। সেই হিসাবে নিখোঁজ ও নিহত শ্রমিকের পরিবারকে সর্বনিম্ন ১০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। আর আহত শ্রমিকদের ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী সর্বনিম্ন ১ লাখ ৫ হাজার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের যে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, তা ক্ষতিপূরণের টাকা থেকে কেটে রাখা হবে।
তাজরীনের ঘটনায় নিহত বা নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যদের মধ্যে যেভাবে অর্থ ভাগ হবে—নিহত বা নিখোঁজ শ্রমিকের স্ত্রী ক্ষতিপূরণের মোট অর্থের ৩০ শতাংশ, সন্তান ৫০ শতাংশ ও বাবা-মা পাবেন ২০ শতাংশ। আর বাবা-মা না থাকলে ক্ষতিপূরণের টাকার ৪০ শতাংশ পাবেন স্ত্রী আর ৬০ শতাংশ পাবে সন্তান।