ক্ষতিপূরণ দিচ্ছে না ধনী দেশগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিচ্ছে না ধনী দেশগুলো। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে অর্থ দেওয়ার কথা, ধনী দেশগুলো তা দিয়ে সহযোগিতা করছে না। অথচ তাদের কারণেই বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ আজ নাজুক পরিস্থিতির মুখে।

রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট (আইবিএফসিআর)’ শীর্ষক কর্মশালাটির যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থসচিব মাহবুব আহমেদ, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) বাংলাদেশ প্রধান জন এডমন্ডসন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব একটা গুরুতর বিষয়। এটা মোকাবিলায় উন্নত দেশগুলো থেকে যে অর্থ আসার কথা, তা আসছে না। যা আসছে, তার চেয়ে বেশি অর্থ বাংলাদেশ সরকারই খরচ করছে।

উন্নত দেশগুলো যে সহযোগিতা করছে না, সে ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অভিযোগও তোলা হয়েছে বলে জানান মুহিত। তাতেও তেমন কোনো সাড়া মেলেনি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় বড় বড় দেশ কার্বন নিঃসরণ বেশি করে। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ। বাংলাদেশসহ বহু উন্নয়নশীল দেশ বহুবার উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েও পায়নি।

সমস্যা মোকাবিলায় এ ব্যাপারে বাংলাদেশের নিজের তহবিলই বাড়ানো উচিত বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে প্রকৃতির ওপর যে প্রভাব পড়বে, তার জন্য প্রস্তুত হওয়া দরকার। সরকার সে প্রস্তুতি নিচ্ছে।

প্রকল্পটির দলিলপত্রে বলা হয়, বাংলাদেশ একদিকে নিম্ন জলাভূমির, অন্যদিকে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশও বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে রাজস্ব, পরিবেশসহ উন্নয়ন বিষয়ে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, আইবিএফসিআর সরকারি প্রস্তুতিরই একটা অংশ। অর্থ বিভাগের আওতাধীন এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ইউএনডিপি, ডিএফআইডি, জিআইজেড এবং কানাডীয় সিডা।

৪ বছর ২ মাস মেয়াদের এ প্রকল্প শুরু হয় ২০১৬ সালের জুলাই থেকে, শেষ হবে ২০২০ সালের সেপ্টেম্বরে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি ব্যয় ১ কোটি ২৫ লাখ টাকা। বাকি ১৭ কোটি ২৭ লাখ টাকা বিদেশি অনুদান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এক সাংবাদিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সম্পর্কিত প্রকল্পগুলোর বাস্তবায়ন মান খারাপের কারণ জানতে চেয়ে অর্থমন্ত্রীর কাছে চিরকুট দেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কে বলেছে প্রকল্প বাস্তবায়নের মান খারাপ? কোথায় মান খারাপ? প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ হচ্ছে সেরা পারফরমার। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে।’ এ সময় চিরকুটটিকে ছিঁড়ে সামনের দিকে ছুড়ে ফেলে দেন অর্থমন্ত্রী।