ক্ষতিপূরণ দেওয়া শুরু হওয়ায় সন্তুষ্ট জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের এক বছর পর হলেও ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে, তাতে সন্তুষ্ট জাতিসংঘ।
এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে গত বুধবার জাতিসংঘের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সভাপতিত্বে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ নামে একটি আন্তর্জাতিক তহবিল গঠিত হয়।
ওই তহবিল থেকে গত মঙ্গলবার হতাহত ৬৩৯ জনকে অগ্রিম ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এঁদের মধ্যে ৫৮০ জনকে ক্ষতিপূরণ দেয় ক্রেতাপ্রতিষ্ঠান প্রাইমার্ক।
ক্ষতিপূরণের প্রথম কিস্তি দেওয়া উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট হুংবো বলেন, ক্ষতিপূরণ দেওয়া যে শুরু হয়েছে, তা ভালো খবর। নিজেকে বৈধ ক্ষতিগ্রস্ত হিসেবে দাবি করা প্রত্যেক ব্যক্তি এবং তাঁদের পরিবার যেন ক্ষতিপূরণটা পায়, তা নিশ্চিত করতে হবে। এ তহবিলটি চার কোটি ডলারে পৌঁছাতে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর আরও অর্থ দেওয়া প্রয়োজন।
গিলবার্ট হুংবো বলেন, প্রত্যেককেই তাঁর অবস্থান থেকে কাজ করতে হবে। সাধারণ ক্রেতাদের হয়তো পোশাকপ্রতি এক ডলার কিংবা এক ইউরো বেশি দিতে হতে পারে। তাদের এই অতিরিক্ত অর্থটা ব্যয় হবে শ্রমিকদের কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নে।
তবে এই অর্থটা যেন পোশাক প্রস্তুতকারক কিংবা সাব-কন্ট্রাক্টরের কাছেই আটকে না যায়, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সে বিষয়টি আইএলও তদারক করবে বলেও উল্লেখ করেছেন গিলবার্ট হুংবো।