রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারের হয়রানি বন্ধ ও দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কারওয়ান বাজারে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনটি। গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখ্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা জুলহাসনাইন বাবু, শ্যামলী শীল, বাচ্চু ভূঁইয়া ও দীপক রায়।
আরও বক্তব্য দেন রানা প্লাজা ধসে নিখোঁজ শান্তার মা শাহীদা, নিহত বিউটির স্বামী আলম মাতব্বর, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলমগীর।
শ্রমিকনেতারা বলেন, রানা প্লাজা ধসের ১৬ মাস পার হলেও হতাহতরা ক্ষতিপূরণ পায়নি। ফলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। এ ছাড়া ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দরিদ্র শ্রমিক ও তাঁদের পরিবারকে যে হয়রানি করছে, তা শ্রমিকেরা সহ্য করবে না। বক্তারা আরও বলেন, ক্ষতিপূরণ নিয়ে সরকার, মালিক আর বিদেশি ক্রেতাদের দীর্ঘসূত্রতা ও টালবাহানা চলছে। গত ঈদের আগে ক্ষতিপূরণের কথা বলা হলেও এখন আবার কোরবানির ঈদের কথা বলা হচ্ছে। এসব কথা ক্ষতিগ্রস্তদের কাছে এখন কেবল ফাঁকা আশ্বাস ছাড়া কিছু নয়।