ক্ষতিপূরণ দেবে ক্রেতা প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর-কষাকষি করছে আন্তর্জাতিক শ্রম সংগঠনগুলো। ইতিমধ্যে ক্ষতিপূরণের জন্য মোটা অঙ্কের অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছে জার্মানভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ। শিগগিরই এ-সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
শ্রম অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) ও ইন্ডাস্ট্রিঅল গতকাল সোমবার তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনার দুই বছর পূর্ণ হওয়ার দিনে এ ঘোষণা দিয়েছে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া আলাদা বিবৃতিতে এটি জানিয়েছে সংগঠন দুটি।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে বেশ কিছুদিন ধরেই ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে ক্ষতিপূরণের অর্থ দেওয়া নিয়ে দর-কষাকষি করছিল আন্তর্জাতিক শ্রম সংগঠন দুটি। ইতিমধ্যে ক্ষতিপূরণের বিষয়ে একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। এর সঙ্গে সিঅ্যান্ডএ একমত পোষণ করেছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ক্লিন ক্লথ ক্যাম্পেইনের ইনেকি জেলডেনরাস্ট নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেন, রানা প্লাজা ধসের পর যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ হচ্ছে, সেটি এ ক্ষেত্রে অনুসরণ করা হবে। দুর্ঘটনায় শ্রমিকদের হারানো আয়, আহতদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা ব্যয় নিরূপণ করে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, ‘সিঅ্যান্ডএ তাজরীনের হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের বড় অংশ দেবে।’ যদিও কত অর্থ দেবে সেটি এখনো জানানো হয়নি।
তাজরীনের অগ্নি দুর্ঘটনায় নিহত ১১১ জনের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাত লাখ টাকা করে পেয়েছে। আর এই সাত লাখের মধ্যে সিঅ্যান্ডএ দিয়েছিল এক লাখ টাকা। সে হিসাবে এক কোটি ১০ লাখ টাকা ইতিমধ্যে দিয়েছে জার্মানভিত্তিক এই প্রতিষ্ঠান।
ওয়ালমার্ট ছাড়াও তাজরীনে জার্মান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কিক, স্পেনের ডিপার্টমেন্ট স্টোর এল কোর্টি ইংলেস, স্কটিস ব্র্যান্ড এডিনবার্গ উলেন মিল, পিয়াজ্জা ইটালিয়া, ডিজনি, সিয়ারস, ডিকিস, ডেল্টা অ্যাপারেল অ্যান্ড শন জন পোশাক তৈরি করত। এসব ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানকে সিঅ্যান্ডএর মতো ইতিবাচক উদ্যোগ নিয়ে তাজরীনের হতাহতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানায়।