ক্ষতিপূরণ পেলেন স্মার্ট গার্মেন্টসের ২৬৪ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনার ১১ মাস পর চাকুরি হারানো ২৬৪ জন তৈরি পোশাক শ্রমিক ক্ষতিপূরণ পেলেন। তাঁদের প্রত্যেককে তিন মাসের মজুরির সমপরিমাণ ১৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া তিন আহত শ্রমিক পাঁচ লাখ করে মোট ১৫ লাখ টাকা পেয়েছেন। স্পেনভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান ‘ইনডিটেক্স’ এই ক্ষতিপূরণের অর্থ দিয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলতি বছরের ২৬ জানুয়ারি। এ ঘটনায় সাত নারী পোশাক শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ২৪ জন পোশাক শ্রমিক। কারখানাটি নিজেদের সদস্য না হওয়ায় শুরুতে দায়দায়িত্ব নেয়নি বিজিএমইএ।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে গতকাল বুধবার স্মার্ট গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের হাতে ক্ষতিপূরণের অর্থের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাভারের স্পেকট্রাম কারখানা ধসে আহত দুই শ্রমিককে ৯ লাখ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ২০০৫ সালের এপ্রিলে স্পেকট্রামের ঘটনায় ৬৪ শ্রমিক নিহত হন। আহত হন প্রায় ৮০ জন।
ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর বর্তমান সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ. সাবেক সহসভাপতি ফারুক হাসান, ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।