ক্ষতিপূরণ প্রদান ও সড়ক নির্মাণ একসঙ্গে চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযোগ সড়ক নির্মাণকাজের মধ্য দিয়ে শুরু হলো চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ। সংযোগ সড়ক নির্মাণ ও জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ একসঙ্গে চলছে। চীন সরকারের অর্থায়নে ৭৭৪ একর জায়গায় এটি স্থাপিত হচ্ছে।
আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকা দিয়ে গত শনিবার সংযোগ সড়কের কাজ শুরু করা হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিপূরণ না পাওয়ায় জমির মালিকেরা বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। এ নিয়ে গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দৌলতুজ্জামান আনোয়ারায় এসে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাসুদুর রহমান ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমির সব মালিক ক্ষতিপূরণ না পাওয়ায় শনিবার কাজ করতে গেলে শ্রমিকেরা বাধার সম্মুখীন হন। এ কারণে রোববারও (গতকাল) কাজ বন্ধ ছিল। বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বৈঠক করেছেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ বলেন, অনেকে ইতিমধ্যে ভূমির ক্ষতিপূরণ পেয়েছেন। আর যাঁরা পাননি, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণের কাজ চলবে। একই কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান।
জেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারায় বাস্তবায়িত প্রকল্পে চীন সরকারের শতভাগ বিনিয়োগ থাকবে। এতে বাংলাদেশ সরকারের ৩০ শতাংশ আর চীনা বিনিয়োগকারীদের ৭০ শতাংশ অংশীদারত্ব থাকবে। উপজেলার বেলচূড়া, ঝিওরী, বটতলী এলাকার ৭৭৪ একর জমিতে এই প্রকল্পটি প্রস্তাবিত হচ্ছে। আর এটি বাস্তবায়িত হলে ৩৭১টি শিল্পকারখানায় অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। ৭৭৪ একরের মধ্যে খাসজমি আছে ২৯০ একর ও অধিগ্রহণকৃত জমি ৪৮৪ একর।