ক্ষতিপূরণের অর্থ চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হওয়ার আগেই আহত পোশাকশ্রমিক ও নিহত ব্যক্তিদের পরিবারগুলোর পুরো ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে আন্তর্জাতিক ব্র্যান্ড, সরকার ও বিজিএমইএকে প্রথমবারের মতো আহ্বান জানানো হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে এটি করবে। কমিটির সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত বুধবার সমন্বয় কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রাপ্য ক্ষতিপূরণের ৩০ শতাংশ অর্থ প্রদানের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী আগামী রোববার বা সোমবার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে যাবে।
ক্ষতিগ্রস্তদের দাবিনামা বা ক্লেইম ফরম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিন কোটি মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা প্রয়োজন। তবে রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ডে জমা আছে ২ কোটি ১৫ লাখ ডলার। এই তহবিল থেকে গত বছর পাঁচ কিস্তিতে আহত ও নিহত শ্রমিকদের পরিবারের ২ হাজার ৭৭০ জনকে তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণের ৪০ শতাংশ দেওয়া হয়। তখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা ও কমিটির দেওয়া এককালীন টাকা (৫০ হাজার) সমন্বয় করা হয়। এবার ক্ষতিপূরণের বাকি ৩০ শতাংশ অর্থ দেওয়া হচ্ছে। এই অর্থ পাবেন প্রায় ২ হাজার ৮০০ জন।
জানতে চাইলে সমন্বয় কমিটির সদস্য রায় রমেশ চন্দ্র গতকাল প্রথম আলোকে বলেন, ক্ষতিপূরণের জন্য অর্থ চেয়ে শিগগিরই সব ব্র্যান্ড, বাংলাদেশ সরকার ও পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে ওয়েবসাইটেও আহ্বান জানানো হবে। এতে সাড়া পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি সময়ই বলবে। তবে আমরা আশা করছি, ব্র্যান্ডগুলোর কাছ থেকে কিছু অর্থ পাব।’
রায় রমেশ চন্দ্র জানান, সমন্বয় কমিটির বুধবারের বৈঠকে আরেকটি বিষয় অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হচ্ছে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক রানা প্লাজা ধসে আহত ৯৬ পোশাকশ্রমিকের চিকিৎসার ব্যয়ভার নেবে। এ জন্য ইউএস ব্র্যাক ১২ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে।
কমিটির আরেক সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ ক্ষতিপূরণের অর্থের জন্য চিঠি দেওয়ার বিষয় বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের কাছেই আহ্বান জানানো হবে। তিনি জানান, ক্ষতিপূরণ দেওয়ার পুরো প্রক্রিয়াটির সময়সীমা আগামী জুন মাস পর্যন্ত বৃদ্ধি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেকে। এ ঘটনার পর দেশে-বিদেশে সমালোচনার ঝড় উঠলে আইএলওর নেতৃত্বে রানা প্লাজা সমন্বয় কমিটি গঠিত হয়। এতে বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান, দেশি-বিদেশি শ্রমিক সংগঠন ও সরকারের প্রতিনিধিরা আছেন।
এদিকে আন্তর্জাতিক তিনটি সংগঠন যৌথভাবে ‘কাউন্টডাউন ক্যাম্পেইন’ বা ‘ক্ষণ গণনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে। রানা প্লাজা ধসের ঘটনায় দুই বছর হতে চললেও আহত পোশাকশ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবারগুলো এখনো ন্যায়বিচার পায়নি। ভোক্তা, সরকার ও ব্র্যান্ডগুলোকে সেই কথা স্মরণ করিয়ে দিতে এই প্রচারাভিযান। একই সঙ্গে ব্র্যান্ডগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ও এই কর্মসূচির বড় উদ্দেশ্য।
রানা প্লাজা ধসের ঘটনার ২৩ মাস পূর্ণ হয়েছে গত মঙ্গলবার। ওই দিনই শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ইউএসআই গ্লোবাল ইউনিয়ন, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন এবং ক্লিন ক্লথ ক্যাম্পেইন নতুন এই কর্মসূচি ঘোষণা করে। তাঁদের প্রত্যাশা, ব্র্যান্ডগুলোকে চাপ দিয়ে রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হওয়ার আগেই ক্ষতিপূরণের জন্য পর্যাপ্ত অর্থ আদায় সম্ভব হবে।
এ সম্পর্কে ক্লিন ক্লথ ক্যাম্পেইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরো ক্ষতিপূরণ দেওয়ার জন্য আরও ৮৫ লাখ ডলার প্রয়োজন। তবে কয়েক মাস ধরে তহবিলে মোটা অঙ্কের অর্থ সহায়তা আসেনি। সম্প্রতি পাঁচ লাখ ডলার তহবিলে জমা হয়েছে। ধসে যাওয়া রানা প্লাজার পাঁচ কারখানা থেকে পোশাক কিনত এমন অনেক বড় ব্র্যান্ড আন্তর্জাতিক তহবিলে অর্থ দেয়নি। এর মধ্যে ইতালিভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড বেনেটন একটি পয়সাও দেয়নি। এ ছাড়া ওয়ালমার্ট, ম্যাঙ্গো ও দি চিলড্রেন প্যালেস প্রত্যাশার চেয়ে অনেক কম পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে।
ক্লিন ক্লথ ক্যাম্পেইনের প্রতিনিধি ইনেকে জেলডেনরাস্ট্র বলেছেন, ব্র্যান্ডগুলো রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও মিথ্যা সহানুভূতি দেখিয়েছে। তিনি বলেন, ‘সব মিলিয়ে ব্র্যান্ডগুলো এক হাজার কোটি ডলার উপার্জন করলেও তারা মাত্র তিন কোটি ডলার দিতে পারেনি। ইউরোপের ভোক্তারা এ জন্য ক্ষুব্ধ। ইতিমধ্যে বেনটনকে অর্থ দিতে চাপ দেওয়ার অংশ হিসেবে তারা ১০ লাখের বেশি স্বাক্ষর করে সেটির বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
ইনেকে জেলডেনরাস্ট্র আরও বলেন, ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো যদি ভোক্তা ও শ্রমিকদের দেখাতে চায় রানা প্লাজা ধসের পর এই শিল্প খাতে পরিবর্তন হয়েছে, তবে দেরি না করে অর্থ দিতে হবে। সেই ক্ষণ গণনা এখন থেকে শুরু হলো।