তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে আন্তর্জাতিকভাবে নেওয়া উদ্যোগটির বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শ্রম অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) ও ইন্ডাস্ট্রিঅল। গত নভেম্বরে তাজরীনের ঘটনার দুই বছর পূর্ণ হওয়ার দিনে সংগঠন দুটি ঘোষণা দেয়, তাজরীনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের সঙ্গে দর-কষাকষি চলছে তাদের। তবে ক্ষতিপূরণের জন্য মোটা অঙ্কের অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছে জার্মানভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা সে সময় সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়েছিল।
প্রাথমিকভাবে দেওয়া এই ঘোষণার পর প্রায় চার মাস পার হয়েছে। সর্বশেষ খবর হচ্ছে, চলতি সপ্তাহে সিঅ্যান্ডএ এবং ইন্ডাস্ট্রিঅলের দুজন প্রতিনিধি এই ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত করতে বাংলাদেশে আসার কথা ছিল। ইতিমধ্যে চলমান অবরোধ ও হরতালে তাঁরা সেই সফর বাতিল করেছেন। কবে আসবেন সেটিও চূড়ান্ত হয়নি। এমন তথ্য জানিয়ে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র গত রোববার প্রথম আলোকে বলেন, পুরো প্রক্রিয়াটিই পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে। তবে সিঅ্যান্ডএর মতো আরও অনেক ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রমে যুক্ত করার চেষ্টা অব্যাহত আছে।
অপর এক প্রশ্নের জবাবে রায় রমেশ জানান, সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটি তাজরীনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে। দুর্ঘটনায় শ্রমিকদের হারানো আয়, আহতদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা ব্যয় নিরূপণ করে ক্ষতিপূরণে পরিমাণ নির্ধারণ করা হবে। ইতিমধ্যে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণের ৪০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। চলতি মাসেই দেওয়া হবে আরও ৩০ শতাংশ অর্থ।
এদিকে সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে তাজরীনের ঘটনায় আহত শ্রমিকদের ২০১২ সালের ডিসেম্বর থেকে মোট বেতন ও চিকিৎসার খরচের একটি অংশ দিয়ে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। এ ছাড়া ৪৯ জন নিহত শ্রমিকের পরিবারগুলোকে প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা করে দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস অন্তর এই অর্থ দেওয়া হয়। আজ মঙ্গলবার জানুয়ারি-মার্চ মাসের অর্থ আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।
জানতে চাইলে কারিতাসের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম ম্যানেজার জন স্বপন গোমেজ জানান, শুরুতে ১০৪ জন আহত শ্রমিককে বেতন ও চিকিৎসা ভাতা দেওয়া হয়। তাঁরা সুস্থ হয়ে কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত এটি দেওয়া হচ্ছে। প্রকল্পটির আওতায় সুস্থ হওয়া ৩০ জন শ্রমিক ক্ষুদ্র ব্যবসার জন্য ৩০ হাজার টাকা করে পেয়েছেন। বর্তমানে ২০ জন আহত শ্রমিক বেতন ও চিকিৎসা ভাতা পাচ্ছেন। সব মিলিয়ে তিন কোটি টাকার এই প্রকল্প শেষ হবে ২০১৬ সালের ডিসেম্বরে।
২০১২ সালের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১২ জন পোশাকশ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন অনেক শ্রমিক। এ অগ্নি দুর্ঘটনায় নিহত ১১০ জনের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাত লাখ টাকা করে অর্থসহায়তা পায়। আহত শ্রমিকেরাও বিভিন্ন অঙ্কের অর্থসহায়তা পেয়েছেন।