ক্ষতিপূরণের একাংশ পাচ্ছে ৭০০ শ্রমিক পরিবার, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধস
রানা প্লাজা ধস

দুই দফায় নিহত ৩৩২টি শ্রমিক পরিবার ও ৩৬৮ জন আহত শ্রমিককে তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণের ৪০ শতাংশ দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে রানা প্লাজা কো-অর্ডিনেশন কমিটি। শিগগরিই হতাহতদের ক্ষতিপূরণের জন্য গঠিত ‘ডোনারস ট্রাস্ট ফান্ড’ থেকে অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠানো হবে।
একই সঙ্গে রানা প্লাজা ধসে হতাহত সবাইকে ক্ষতিপূরণের এই অর্থ দেওয়ার প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তবে বাকি ৬০ শতাংশ ক্ষতিপূরণের অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন এই কমিটির সদস্যরা। ফলে ক্ষতিপূরণ পুরোটা দেওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কারণ রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণের জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে নতুন করে অর্থ দিচ্ছেন না বিদেশি ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, কো-অর্ডিনেশন কমিটির সর্বশেষ ১৪তম বৈঠকে (২৮ আগস্ট অনুষ্ঠিত) ৩৬৮ জন আহত শ্রমিককে ক্ষতিপূরণের প্রথম কিস্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এতে প্রয়োজন হবে নয় লাখ তিন হাজার ৮৬৫ টাকা। তার আগের বৈঠকে (১৪ আগস্ট) নিহত ৩৩২টি শ্রমিক পরিবারকে ১০ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৬৩ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই ৪০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার একটি ‘সময়সীমা’ চূড়ান্ত করা হয়। মোট পাঁচটি ধাপে ২৯ বা ৩০ অক্টোবরের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা ছিল। কারণ, এখন পর্যন্ত তহবিলে যে অর্থ আছে, তা দিয়ে এর বেশি দেওয়া যাবে না।
গত ঈদের আগেই ক্ষতিগ্রস্তদের একটি অংশ ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবে, কমিটির পক্ষ থেকে এমনটি বলা হলেও জটিলতার জন্য শেষ পর্যন্ত হয়নি। এ ছাড়া গত মাসে সিদ্ধান্ত হওয়ার পরও এই ৭০০ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে অর্থ যায়নি। বিষয়টি নিশ্চিত করে কমিটির সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ‘প্রাথমিকভাবে ক্ষতিপূরণের অর্থ তিন মাসের স্থায়ী আমানত হিসেবে দেওয়ার কথা। তবে এটি নিয়ে প্রক্রিয়াগত জটিলতা আছে। সে জন্যই কিছুটা দেরি হচ্ছে। ফলে সময়সীমা একটু পরিবর্তিত হবে।’
অবশ্য ক্ষতিপূরণের এই প্রক্রিয়াটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির এক সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, পুরো ক্ষতিপূরণের মাত্র ৪০ শতাংশ দেওয়া হচ্ছে। এর মধ্য থেকে আবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া পুরো অর্থও কেটে রাখা হচ্ছে। এ জন্য আহতদের বেশির ভাগ খুবই অল্প টাকা পাবেন। কেউ আবার পাবেনই না। সে জন্য ক্ষতিগ্রস্ত সবাইকে ন্যূনতম একটি অর্থ দেওয়ার দাবি জানান তিনি। এই অসন্তোষ ও দাবির কথা কমিটির বৈঠকেও তিনি উত্থাপন করেছেন বলেও দাবি করেন।
তহবিলে নতুন করে অর্থ আসেনি: গত ২৮ জানুয়ারি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ গঠনের পর থেকে গতকাল পর্যন্ত এক কোটি ৭৯ লাখ মার্কিন ডলার জমা পড়েছে। দেশীয় মুদ্রায় যা প্রায় ১৪৩ কোটি টাকার সমান। তহবিল থেকে গত এপ্রিলে রানা প্লাজা ধসে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ৫০ হাজার করে মোট ১৪ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়।
পুরো ক্ষতিপূরণ দিতে ৩২০ কোটি টাকার প্রয়োজন। অনুসন্ধানে জানা গেছে, গত আড়াই মাসে ট্রাস্ট ফান্ডে এক টাকাও জমা পড়েনি। ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ উত্তোলনে আন্তর্জাতিক শ্রম সংগঠনগুলোর ক্যাম্পেইনও ঝিমিয়ে পড়েছে। বিষয়টি স্বীকার করে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র বলেন, তহবিলে অর্থ আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনে এমন কানাডীয় ব্র্যান্ডগুলোকে তহবিলে অর্থ দিতে চাপ দিতে দেশটির সরকারকে অনুরোধ করেছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ৫০টিরও বেশি সংগঠন। এমন তথ্য দিয়ে গত মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, কানাডার আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়কে লেখা এক খোলা চিঠিতে এই অনুরোধ জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
দাবিনামা পূরণ শেষ সেপ্টেম্বরে: রানা প্লাজা ধসে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকদের কাছ থেকে দাবিনামা (ক্লেইম ফরম) পূরণের কার্যক্রম শেষ হবে ৩০ সেপ্টেম্বর।
কো-অর্ডিনেশন কমিটির নিজস্ব ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, চলতি মাসের পর আর দাবিনামা পূরণ করা হবে না।