রানা প্লাজা ধসে আহত শ্রমিক ও নিহত ব্যক্তিদের পরিবারকে পুরো ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিন কোটি মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা প্রয়োজন। ৮০ শতাংশ দাবিনামা বিচার-বিশ্লেষণ করে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা সমন্বয় কমিটি সম্প্রতি এই হিসাব প্রকাশ করেছে।
ক্ষতিপূরণপ্রক্রিয়ার শুরুর দিকে বলা হয়েছিল চার কোটি ডলার লাগবে। বর্তমানে আগের হিসাবের চেয়ে এক কোটি ডলার কম লাগলে এখনো ৯০ লাখ ডলারের ঘাটতি আছে। এই অর্থ প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কারণ, বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানের কাছ থেকে তহবিলে অর্থ আসা একেবারেই কমে গেছে। আর তাই ৭০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে সমন্বয় কমিটি। বাকিটা অর্থ পাওয়া সাপেক্ষে।
একাধিক শ্রমিকসংগঠনের নেতারা বলছেন, রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকার মতো জমা পড়ে। সেখান থেকে চিকিৎসা, অনুদানসহ বিভিন্ন খাতে খরচ হয় মাত্র ২২ কোটি টাকা। সেই তহবিল থেকে এখন ৭২ কোটি টাকা দিলে সহজেই এই ক্ষতিপূরণের বিষয়টির সমাপ্তি টানা যায়।
সমন্বয় কমিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ক্ষতিপূরণের জন্য গঠিত রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড নামের আন্তর্জাতিক তহবিলে জমা আছে দুই কোটি ১০ লাখ ডলার। আর এই অর্থ থেকে তিন কিস্তিতে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের দুই হাজার ৪৩০ সদস্যকে তাদের প্রাপ্য ক্ষতিপূরণের ৪০ শতাংশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই অর্থ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত সহায়তা ও এককালীন দেওয়া ৫০ হাজার টাকা কর্তন করে রাখা হয়েছে। সব মিলিয়ে তিন কিস্তিতে তহবিল থেকে ১৭ কোটি ২৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এর বাইরে প্রাইমার্ক ধসে যাওয়া রানা প্লাজার নিউ ওয়েব বটমের ৬০০ শ্রমিকের ক্ষতিপূরণ দিয়েছে।
এ ছাড়া চতুর্থ ও পঞ্চম কিস্তিতে আহত ও নিহত শ্রমিকদের পরিবারের ৪৫৯ জন সদস্যকে ৪০ শতাংশ ক্ষতিপূরণ বাবদ ২৯ কোটি টাকা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে সমন্বয় কমিটি। অবশ্য প্রধানমন্ত্রীর তহবিল ও ৫০ হাজার টাকার সহায়তা বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পাবেন নয় কোটি টাকা। এই অর্থ আগামী সপ্তাহের মধ্যে ব্যাংক হিসাবে জমা হবে বলে জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত সমন্বয় কমিটির ১৬, ১৭ ও ১৮ নম্বর সভায় এসব সিদ্ধান্ত হয়। এসব তথ্য কমিটির নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেন, রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পুরো প্রক্রিয়াটি শেষ করা হবে।
জানতে চাইলে কমিটির এই সদস্য বলেন, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ বাবদ একটি সর্বনিম্ন অর্থ নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত আলাপ-আলোচনা অনুযায়ী, এটির পরিমাণ ২৫ লাখ টাকা হতে পারে। সেটি ধরেই তিন কোটি ডলারের তহবিলের হিসাবটি করা হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেকে। এ ঘটনার পর দেশে-বিদেশে সমালোচনার ঝড় উঠলে আইএলওর নেতৃত্বে ক্ষতিপূরণের জন্য সমন্বয় কমিটি গঠিত হয়। এতে বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান, দেশি-বিদেশি শ্রম-সংগঠন ও সরকারের প্রতিনিধিরা আছেন।
সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ইতিমধ্যে দাবিনামা পূরণের কাজ শেষ হয়েছে। দুই হাজার ৮৩২ জন আহত, নিহত ও নিখোঁজ শ্রমিক পরিবারের পাঁচ হাজার ২২ জন সদস্য দাবিনামা পূরণ করেছেন। তাঁদের মধ্যে নিখোঁজ শ্রমিক আছেন ১৪১। তাঁদের সবার জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে।
জানতে চাইলে সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা বরাবরই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থাকা অর্থ নিয়ে আলোচনা করছি।’ তিনি আরও বলেন যে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে একটা ব্যবস্থা করা যেতে পারে।