ক্ষতিপূরণের জন্য ক্রেতাদের অর্থ দেওয়ার অনুরোধ

রানা প্লাজা ধসে আহত-নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে। তহবিলটির সভাপতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এই তহবিলে অর্থ দেওয়ার জন্য এবার বিদেশি ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা।
বিজিএমইএ কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানায় পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। তিন সংগঠনের পক্ষে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম অনুরোধটি জানান।
বিজিএমইএর সভাপতি বলেন, ‘রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য চার কোটি ডলারের তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ তহবিল থেকে সহায়তা দেওয়া শুরু হবে। আশা করছি, পোশাকশিল্পের সকল ব্র্যান্ড এ ব্যাপারে এগিয়ে আসবে।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘দুঃখের বিষয় যে, আমরা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিলেও ক্রেতারা এই কাজগুলো দেখছেন না। পোশাকশিল্পে গত আট বছরে ৩৮টি ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছে। আর চলতি বছরে হয়েছে ১৫০টি। ক্রেতারা এই কাজগুলো দেখছেন না। তাদের প্রতি অনুরোধ, শুধু মুখে সহানুভূতি প্রকাশ না করে শ্রমিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাঁদের জন্য তহবিল গঠন করে পাশে এসে দাঁড়ান।’
সংবাদ সম্মেলনে শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও সহসভাপতি সিদ্দিকুর রহমান ও ফারুক হাসান, বর্তমান সহসভাপতি এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বিটিএমএর কোনো নেতা উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি তিন সংগঠনের পক্ষে রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এর মধ্যে ২৪ এপ্রিল সকালে শোক র্যালি, দুপুরে বিজিএমইএসহ দেশের সব পোশাক কারখানায় দোয়া মাহফিল ও স্মরণসভা এবং ২১ এপ্রিল শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে জুরাইনের কবর জিয়ারত উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিকাইল শিপার বলেন, ‘শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সরকারি মানদণ্ড নিম্নমানের। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেওয়া হবে। সেই লক্ষ্যে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলার ট্রাস্ট ফান্ডে জমা পড়েছে। আমি আশাবাদী, চার কোটি ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ হবে।’
শ্রমসচিব আরও বলেন, ‘শ্রম আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পেরেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে যে অর্থ দেওয়া হয়েছে, তা ফান্ডের সঙ্গে সমন্বয়ের কোনো পরিকল্পনা নেই। তবে আমরা সব তথ্য তহবিলের দায়িত্বপ্রাপ্তদের দেব। তাঁরা যদি মনে করেন এই অর্থ কেটে নেবেন, নিতে পারেন। আবার না-ও নিতে পারেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রানা প্লাজা ধসে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনদের অর্থসহায়তাসহ এ পর্যন্ত মোট ২২ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা খরচ করা হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত ৩৬ জনকে তিন কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৭৯৮ জন নিহত ব্যক্তির পরিবারের এক হাজার ৯৯ সদস্যকে এক হাজার ৪৭টি চেকের মাধ্যমে ১২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া ১৬৪ নিহত ব্যক্তির ২২৮ জন আত্মীয়কে দুই কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া, স্বেচ্ছাসেবক এজাজউদ্দিন চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য এক কোটি পাঁচ লাখ ৯৬ হাজার ও তাঁর পরিবারকে ১২ লাখ টাকা অনুদান, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এক কোটি ৪২ লাখ ১৪ হাজার, ডিএনএ পরীক্ষার জন্য ৫০ লাখ, দুর্ঘটনাস্থলের চারদিকে টিন দিয়ে ঘের দিতে তিন লাখ ৯৫ হাজার টাকা ব্যয় হয়।