ক্ষতিপূরণের জন্য সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের জন্য দুই ধরণের সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বিশেষ স্কিমে। প্রথম ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ও প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ধারিত কোটার মতো এ স্কিমের আওতায় মার্জিন ঋণ হিসাব ও নন-মার্জিন হিসাব (বিও)—উভয় ক্ষেত্রে চিহ্নিত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চলতি ২০১২ ও আগামী ২০১৩ সালে ইস্যু করা সব পাবলিক ইস্যুতে (আইপিও) ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কিছু আর্থিক প্রণোদনার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আছে:মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসসহ সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হিসাবগুলোয় কেস টু কেস মেরিট ভিত্তিতে এক বছর (২০১১/২০১১-২০১২ অর্থবছর) সময়ে অর্জিত সুদের সর্বোচ্চ ৫০ শতাংশ মওকুফ করা। তবে ওই মওকুফের পরিমাণ কোনো অবস্থাতেই নিরূপিত মূলধনি ক্ষতির পরিমাণ থেকে বেশি হতে পারবে না। মওকুফ করার পর সুদ অবশিষ্ট থাকলে তা একটি সুদবিহীন ব্লক হিসাবে স্থানান্তর করে তিন বছরে ত্রৈমাসিক সমান কিস্তিতে পরিশোধের সুযোগের প্রস্তাব করা হয়েছে। আবার মার্জিন হিসাবে ৩০-১১-২০১১ তারিখের ডেবিট ব্যালেন্স থেকে মোট সুদ (মওকুফযোগ্য এবং প্রাপ্য) বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থ ভিন্ন হিসাবে স্থানান্তর করে সর্বোচ্চ ১০ শতাংশ সুদহারে তিন বছরে সমান ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের জন্য পুনঃ তফসিল করার কথা বলা হয়েছে। তবে সুদ মওকুফ/পুনঃ তফসিলের বিষয়টি দাতা-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সম্পন্ন হবে। আর ভিন্ন হিসাবে স্থানান্তরিত ঋণের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের/ব্যাংকের একক ঋণ গ্রহীতা সংশ্লিষ্টতা ও পুঁজিবাজার থেকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হবে।এছাড়া নতুন করে মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে স্থানান্তরিত হিসাবের অর্থ বিবেচনায় না নিয়ে প্রচলিত নিয়মে ঋণদানকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হিসাবে নতুনভাবে মার্জিন ঋণ দিয়ে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ের সুযোগ প্রদানের কথা বলা হয়েছে। সর্বোপরি সহায়তা দেওয়ার আগে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত হিসাবের যথার্থতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসের নিরীক্ষক/পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত ছকে প্রকৃত ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রত্যয়নপত্র প্রদান করতে হবে।