রানা প্লাজা ধসে আহত ও নিহত শ্রমিক পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে ইতালির ব্র্যান্ড বেনেটন কর্তৃপক্ষকে বাধ্য করতে ১০ লাখ স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল রাত নয়টা ২০ মিনিট পর্যন্ত ৯ লাখ ৭৩ হাজার ৬৪২ জন ভোক্তা স্বাক্ষর দিয়েছেন।
বেনেটনের কাছ থেকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায় করার লক্ষ্য নিয়ে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে।
শ্রমিক অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ক্নিন ক্লথ ক্যাম্পেইন ও ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম যৌথভাবে ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে। আর নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে স্বাক্ষর সংগহের মূল কাজটি করছে অনলাইনভিত্তিক সংগঠন অ্যাভাজ। ৫ ফেব্রুয়ারি এই কার্যক্রম শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ৫ লাখ মানুষ সমর্থন জানিয়ে স্বাক্ষর দিয়েছেন। ক্নিন ক্লথ ক্যাম্পেইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ধসে যাওয়া রানা প্লাজায় থাকা কারখানা থেকে পোশাক তৈরি করত বেনেটন, এমন প্রমাণ পাওয়া গেলেও ব্র্যান্ডটি ক্ষতিপূরণের তহবিলে কোনো অর্থ দিতে অস্বীকৃতি জানায়।
রানা প্লাজা ধসে আহত শ্রমিক ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে ৩ কোটি মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা প্রয়োজন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে আহত শ্রমিক ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে গঠিত রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড নামের আন্তর্জাতিক তহবিলটিতে এখন পর্যন্ত জমা পড়েছে ২ কোটি ১০ লাখ ডলার। এই অর্থ থেকে ইতিমধ্যে নিহত ও আহত শ্রমিকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের ৪০ শতাংশ দেওয়া হয়েছে।