ক্ষতিপূরণের পুরো ৩ কোটি ডলার পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় তিন কোটি মার্কিন ডলারের তহবিল জোগাড় হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের বাকি থাকা ক্ষতিপূরণের ৩০ শতাংশ অর্থ দেওয়া হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে গঠিত রানা প্লাজা সমন্বয় কমিটি গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত এপ্রিল পর্যন্ত তহবিলে জমা পড়েছিল ২ কোটি ৭০ লাখ ডলার। সেই অর্থ থেকেই দুই দফায় ৭০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়া হয়।
আইএলওর মহাসচিব গাই রাইডার বলেন, সবার প্রচেষ্টায় এ তহবিল সংগ্রহ করা হয়েছে। এটা অবশ্যই বড় অর্জন। তবে অনেক কাজ বাকি আছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে একটি দুর্ঘটনা বিমা তহবিল গঠনে সবাইকে কাজ করতে হবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৩৬ জন পোশাকশ্রমিক নিহত হন।