ক্ষতিপূরণের সুপারিশ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিনিয়োগকারীরা আবারও নতুনভাবে আশান্বিত হয়ে উঠেছেন। শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। বাজারের সাম্প্রতিক ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ ও ১০ দিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত জানানোর ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশার পাশাপাশি জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার গঠিত বিশেষ স্কিম কমিটি এরই মধ্যে তাদের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তাতে ঋণ নিয়ে বাজারে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মওকুফ ও নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের সুপারিশ করা হয়। এ ছাড়া গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় একটি নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, পুঁজিবাজারে প্রভাব ফেলে এমন আট ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে তা নিয়ে এখন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসইসির সঙ্গে আলোচনা বা পরামর্শ করতে হবে। গত সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক বাড়লেও লেনদেন কমে গেছে। অবশ্য একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির কারণে আগের সপ্তাহের চেয়ে লেনদেন এক দিন কম হওয়াই এর একটি প্রধান কারণ বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। যোগাযোগ করা হলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এ রকম অর্থনৈতিক কোনো খারাপ পূর্বাভাস এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বরং ব্যাংকিং খাতের আমানতের সুদের হার বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশে একটি যৌক্তিক পর্যায়ে নেমে আসায় শেয়ারবাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণের হারও কমছে। এটিও বাজারের জন্য একটি ভালো খবর।’মূসা আরও বলেন, ‘সম্প্রতি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগ বিনিয়োগকারীদের মনে কিছুটা আশার সঞ্চার করেছে। তবে এই ক্ষতিপূরণের সঙ্গে বাজারে মৌলভিত্তির কোনো সম্পর্ক নেই। তাই আমি মনে করি, এ নিয়ে বিনিয়োগকারীদের খুব বেশি আশাবাদী হওয়া উচিত হবে না। পাশাপাশি সরকারকেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে হবে।’ মোহাম্মদ মূসা জানান, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের নির্ধারিত সময়সীমা মে মাসে শেষ হয়ে যাবে। তার পরপরই আসবে নতুন বাজেটের ঘোষণা। ঐতিহাসিকভাবে দেখা যায়, বাজেট সামনে রেখে শেয়ারবাজারে কিছুটা উত্থান ঘটে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪৪৮ কোটি টাকা বা ৩১ শতাংশ কমে গেছে। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৯৮ কোটি টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪৪৬ কোটি টাকা। গত সপ্তাহে মোট চার কার্যদিবসে লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানির মধ্যে ২১৩টির বা ৭৮ শতাংশের শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল আটটির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ২৭৩ কোম্পানির মধ্যে ২১৬টির শেয়ারের দাম বেড়েছিল, কমেছিল ৪২টি এবং অপরিবর্তিত ছিল আটটির শেয়ারের দাম।গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের দৈনিক গড় লেনদেন নেমে এসেছে প্রায় ২৫০ কোটি টাকায়; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ২৮৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর দৈনিক গড় লেনদেন প্রায় ১৪ শতাংশ বা ৩৯ কোটি টাকা কমে গেছে। মূল্যসূচকের পতন দিয়েই ঢাকার বাজারে সপ্তাহের লেনদেন শুরু হয়। আর সপ্তাহটি শেষ হয়েছে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৬৮ পয়েন্টে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ১০৯ পয়েন্ট।