ক্ষমতা বিকেন্দ্রীকরণ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

ছোট ও মাঝারি পোশাক কারখানার সংস্কারকাজের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, শ্রমিক অসন্তোষ বন্ধ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা—এই তিনটি কাজকে প্রাধান্য দেবেন বিজিএমইএর নতুন সভাপতি সিদ্দিকুর রহমান।
বিজিএমইএর ঢাকার কারওয়ান বাজারের কার্যালয়ে গতকাল বুধবার সংগঠনের নির্বাচনী বোর্ডের সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন সিদ্দিকুর রহমান। তাঁকে সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানান। চলে ফটোসেশনও। এরই ফাঁকে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজিএমইএর নতুন এই সভাপতি জানান তাঁর পরিকল্পনার কথা।
বিজিএমইএর নতুন সভাপতি বলেন, ‘আমি কমিটির সব সদস্যকে তাঁদের অভিজ্ঞতার আলোকে সংগঠনের দায়িত্ব ভাগ করে দিতে চাই, যাতে পুরো সংগঠনটির কার্যক্রম আরও মসৃণভাবে চলতে পারে। সব মিলিয়ে আমি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চাই।’
সিদ্দিকুর রহমান বলেন, ‘অনেক চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিচ্ছি আমরা। তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের প্রেক্ষাপটে পোশাক কারখানাগুলোতে পরিদর্শন কর্মসূচি শেষে এখন সংস্কারের কাজ চলছে। কিন্তু ছোট ও মাঝারি কারখানাগুলো সংস্কারকাজ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া শ্রমিকদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ যাতে না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকা শক্তিশালী হয়ে ওঠায় আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এ বিষয়টি নিয়েও কাজ করতে হবে।’
সমঝোতার কমিটির বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘বিজিএমইএর মধ্যে এখন কোনো বিভেদ নেই। আগে যেমনটা ছিল। তাই আশা করি, আগের চেয়ে ভালো ও সংগঠিত কাজ হবে এখন।’

সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার