ক্ষমতা ব্যবহারে স্বাধীন নয় নিরীক্ষা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় দেশের নিরীক্ষা বিভাগকে অনেক ক্ষমতা দেওয়া হলেও নানা সীমাবদ্ধতায় সে ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। ফলে জনগণের দেওয়া করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় আয়োজিত ‘জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলা হয়।

ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার দুই দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সিএজিসহ নিরীক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অংশ নেওয়া ১০টি দেশের পক্ষে ছয়টি আলাদা অধিবেশনে নিরীক্ষা বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরে ‘কান্ট্রি পেপার’ উপস্থাপন করা হয়।

সিএজি মাসুদ আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় নিরীক্ষাকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু নানা সীমাবদ্ধতায় তা পুরোপুরি চর্চা করা সম্ভব হয় না। তারপরও সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে ও অনিয়মিতভাবে ব্যবহৃত হওয়া অর্থ ফেরত আনতে নিরীক্ষা বিভাগ ভূমিকা রাখছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত আলী। আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের বৈশ্বিক সুশাসন অনুশীলন বিভাগের পরিচালক সামিয়া সাদেক, সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কার্যক্রমের প্রকল্প পরিচালক জহুরুল ইসলাম প্রমুখ।