ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে সিটি পুরস্কার দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন ষষ্ঠবারের মতো বাংলাদেশে আয়োজন করেছে ‘সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার- ২০১০’।গত বছরের মতো এ বছরও মোট চারটি শ্রেণীতে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৫০ হাজার টাকা।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আর পুরস্কারের এ আয়োজনকে সফল করতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে প্রধান করে ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।সংবাদ সম্মেলনে ওয়াহিদউদ্দিন মাহমুদ ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নুরুন নবী তালুকদার, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক আবদুল আওয়াল ও বাংলাদেশে সিটি কান্ট্রি অফিসার মামুন রশীদ উপস্থিত ছিলেন।পরিষদের বাকি সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া এ রহমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, আমেরিকান লাইফ ইনস্যুরেন্সের আঞ্চলিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুল ইসলাম, সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আহমেদ, শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজ উইমেনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বাকী খলীলী এবং গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এইচ আই লতিফি।সংবাদ সম্মেলনে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প আকারে হলেও সমাজের অন্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।তিনি বলেন, ‘মানুষ পাঁচ হাজার থেকে শুরু করে এক-দুই লাখ টাকা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে, সেটাই বড় কথা নয়। এর পেছনে যে প্রচণ্ড উদ্যোক্তা-মানসিকতা রয়েছে, সেটাকেই আমরা সম্মান দিতে চাই।’মামুন রশীদ বলেন, পুরস্কারের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান স্বীকৃতির পাশাপাশি ক্ষুদ্র শিল্প উদ্যোগকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর যথার্থ স্বীকৃতি দেওয়া।এবার যে চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো—কৃষিখাতে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠান।