ক্ষুদ্র উদ্যোক্তাদের পুরস্কৃত করল সিটি ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক এনএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গভর্নর আতিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা, প্রথম আলো
সিটি ব্যাংক এনএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গভর্নর আতিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা, প্রথম আলো

দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা এবং এসব উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সিটি গ্রুপের মানবকল্যাণধর্মী সংগঠন সিটি ফাউন্ডেশন।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার তিনজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্রঋণদানকারী দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ নিয়ে অষ্টমবারের মতো এ পুরস্কার দিল সিটি ফাউন্ডেশন।
কিশোরগঞ্জের দক্ষিণ লতিফাবাদ গ্রামের রাবেয়া বেগম ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের নাজমা বেগম ‘শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা’ এবং ঝিনাইদহের মহেশপুরের সহিদা বেগম ‘শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা’ এর পুরস্কার পান। পুরস্কার হিসেবে রাবেয়া বেগমকে পাঁচ লাখ এবং বাকি দুজনকে সাড়ে তিন লাখ টাকা করে দেওয়া হয়।
অন্যদিকে রংপুরের রংপুর দিনাজপুর সোশ্যাল সার্ভিসকে (আরডিআরএস) ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ এবং টাঙ্গাইলের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসকে (এসএসএস) ‘শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’-এর পদক পায়। পুরস্কার হিসেবে এসএসএস ছয় লাখ এবং আরডিআরএস সাড়ে তিন লাখ টাকা পায়।
সিটি ব্যাংক এনএ বাংলাদেশ এবং ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এ কার্যক্রমটি পরিচালনা করেছে।
পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, দেশে তিন কোটির বেশি ক্ষুদ্রঋণগ্রহীতা আছেন। একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন (ওভারলেপিং) এমন ব্যক্তিদের বাদ দিলে এ সংখ্যা দাঁড়াবে দুই কোটিতে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষুদ্রঋণগ্রহীতাই উৎপাদনশীল খাতে ঋণের অর্থ ব্যয় করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আট থেকে ১০ শতাংশ বা ১৫ থেকে ২০ লাখ ঋণগ্রহীতা ক্রমান্বয়ে বেশি থেকে বেশি ক্ষুদ্রঋণ নিচ্ছেন এবং তা দিয়ে ক্ষুদ্র ব্যবসা করছেন। এতে তার নিজের এবং আরও চার-পাঁচজনের কর্মসংস্থান হচ্ছে। একে ছোট করে দেখার অবকাশ নেই।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, একই ব্যক্তির একাধিক সংস্থা থেকে ঋণ নেওয়ার প্রবণতা ঠেকাতে ক্ষুদ্রঋণ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) স্থাপনের ব্যাপারে এক দশক ধরে আলোচনা চলছে। কিন্তু বাস্তবে তেমন অগ্রগতি হয়নি। ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারের জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটিকে (এমআরএ) আরও শক্তিশালী করা হচ্ছে।
অনুষ্ঠানে সিটি এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বার্ড, এ দেশীয় প্রধান কর্মকর্তা রাশেদ মাকসুদ ও সিডিএফের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বক্তব্য দেন।