ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একটু স্বস্তি দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের কিছুটা সুবিধা দিলেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরের জন্য এসএমই খাতের জন্য বেশ কিছু রেয়াতি সুবিধার প্রস্তাব করেছেন তিনি।ক্ষুদ্র উৎপাদন ও ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ৬০ লাখ টাকা পর্যন্ত ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ হারে টার্নওভার কর প্রস্তাব করা হয়েছে। বার্ষিক লেনদেনের (টার্নওভার) পরিমাণ সাত লাখ টাকা পর্যন্ত হলে টার্নওভার কর দিতে হবে না ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের। লেনদেন সাত থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত হলে ২ শতাংশ, ২৪ থেকে ৬০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে কর দিতে হবে।প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন তিনি।প্রসঙ্গত, ২০১১-১২ অর্থবছরের বাজেটে ৬০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হলে এসএমই উদ্যোক্তাদের ৪ শতাংশ হারে টার্নওভার কর দেওয়ার বিধান ছিল।এ ছাড়া লজেন্স, বিস্কুট, চানাচুর, জুতা ও স্যান্ডেল, নারকেল, লন্ড্রি সাবান, ফলের জ্যাম ও জেলি, পিভিসি পাইপ ও বিউটি পার্লারের উৎপাদক বা সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার কর ৬০ লাখ টাকা পর্যন্ত হলে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত হারে টানওর্ভার কর আরোপের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে আমদানিকারক ও উৎপাদনকারী এবং খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে মূসকের ক্ষেত্রে বৈষম্য দেখা যায় বলে প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়। এ বৈষম্য দূর করতে এবং কর ফাঁকি বন্ধ করতে পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে যেসব ব্যবসায়ী প্রকৃত মূল্যসংযোজনের ভিত্তিতে মূসক দিতে চাইবেন, তাঁদের জন্য উপকরণ কর রেয়াতের সুযোগসহ ১৫ শতাংশ হারে মূসক প্রযোজ্য হবে। এদিকে বাণিজ্যিক পণ্য আমদানিতে আগের মতোই ৩ শতাংশ অগ্রিম মূসক আদায় করা হবে।এদিকে মূল্য সংযোজন কর আইন, ১৯৯১-এ কিছু সংশোধন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে অন্যতম হলো রপ্তানি খাতসহ কতিপয় পণ্য ও সেবা খাতের দাখিলপত্র প্রতি মাসের পরিবর্তে তিন মাস নির্ধারণ। তবে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে নতুন মূসক আইন জাতীয় সংসদে পেশ করা হবে। মূসক আইনের বাস্তবায়ন করতে কয়েক বছর সময় লাগে। আগামী ২০১৫ সালের মধ্যে এ নতুন মূসক আইন পুরোপুরি বাস্তবায়ন করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। দেশে উৎপাদিত ও আমদানি করা ফ্রিজ, মোটরসাইকেলের শুল্ক করের ব্যাপক বৈষম্য যৌক্তিকীকরণের প্রস্তাব করে প্রস্তাবিত বাজেটে বলা হয়, এসব পণ্যের উপকরণ আমদানিতে আগের মতো সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে এসব পণ্য আমদানিতে আরোপ করা ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক কর প্রত্যাহার করা হচ্ছে।প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র শিল্পের ওপর আরোপিত ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়। তবে এ খাতে আগের মতোই ১৫ শতাংশ মূসক অব্যাহত থাকবে।