ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের তথ্যভান্ডার তৈরি হচ্ছে
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) আরও এগিয়ে নিতে একটি এসএমই তথ্যভান্ডার তৈরি করছে সরকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) সহায়তায় এসএমই ফাউন্ডেশন এটি তৈরি করছে।এই তথ্যভান্ডারটি তৈরি হলে এসএমই খাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য-সহায়তা ও শিল্প স্থাপনে কার্যকর দিকনির্দেশনা দেওয়া সম্ভব হবে।‘বাংলাদেশের উৎপাদনশীল শিল্প খাতে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ধারণাপত্রের ওপর আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর পান্থপথে নিজস্ব কার্যালয় মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন গতকাল রোববার কর্মশালাটির আয়োজন করে ।কর্মশালায় ধারণাপত্রের ওপর প্রবন্ধ উপস্থাপনকালে পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার বলেন, ১৯৯৭-৯৮ থেকে ২০০৫-০৬—এই আট বছরে দেশে ক্ষুদ্র ব্যবসার প্রবৃদ্ধি হয়েছে ৬২ শতাংশ, মাঝারি ব্যবসার প্রবৃদ্ধি হয়েছে ১৭ শতাংশ। যদিও এই সময়ে বড় উদ্যোগ তেমন বাড়েনি। তবে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ক্ষুদ্র ব্যবসার অবদান আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত জিডিপিতে ক্ষুদ্র ব্যবসার অবদান ৪ শতাংশ থেকে বেড়ে মাত্র ৫ দশমিক ২ শতাংশ হয়েছে।জায়েদী সাত্তার বলেন, দেশের এসএমই খাতের অগ্রগতিকে কয়েকটি বিষয় বাধাগ্রস্ত করে। সেগুলো হলো: দুর্বল বিপণনব্যবস্থা, পণ্যের গুণগত মান নিশ্চিত করতে না পারা, অপ্রতুল বিনিয়োগ, দক্ষ কারিগর ও কর্মী, দুর্বল ব্যবস্থাপনা, অশুল্ক বাধা, অবকাঠামোগত দুর্বলতা। একই সঙ্গে নির্ভুল তথ্য ও পরিসংখ্যানের অভাব টেকসই এসএমই খাত বিকাশের পথে অন্তরায় হিসেবে কাজ করছে।কর্মশালার প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পরিকল্পিত শিল্পায়নের জন্য শিল্পীয় তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ হাতিয়ার। সরকার খাতভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার ওপর জোর দিচ্ছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি পূর্ণাঙ্গ শিল্পীয় তথ্যভান্ডার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় ফাউন্ডেশন প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক মজিবুর রহমান বক্তব্য দেন।