বাংলাদেশ ব্যাংক মনে করছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিতরণ করা ঋণ ভিন্ন খাতে ব্যবহূত হচ্ছে না। ২০১০ ও ২০১১—এই দুই বছরের প্রথম প্রান্তিকের হিসাব পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তে পৌঁছেছে।বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছে, এসএমই খাতে বিতরণ করা ঋণের স্থিতি ২০১০ সালের ডিসেম্বরের তুলনায় ২০১১ সালের মার্চে কম হয়েছে। ডিসেম্বরে এ খাতে ঋণের স্থিতি ছিল ৬৯ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা, যা মার্চে কমে হয় ৬৮ হাজার ৬১০ কোটি ৫৫ লাখ টাকা।এতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ‘ঋণ আদায় হয়ে বকেয়া হ্রাস পাওয়ায় প্রতীয়মান হয় যে ঋণের অর্থ অন্য খাতে ব্যবহূত হয়ে খেলাপি হয়নি। বরং যথাযথ খাতে ব্যবহূত হয়েছে।’বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০১১ সালের জানুয়ারি-মার্চ সময়ে এসএমই খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ ১২ হাজার ২০৩ কোটি ১৭ লাখ টাকা। আর ২০১০ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১১ হাজার ছয় কোটি ৫১ লাখ টাকা।অর্থাৎ, চলতি বছরের প্রথম প্রান্তিকে এসএমই ঋণ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে এক হাজার ১৯৬ কোটি ৬৬ লাখ টাকা বা ১১ শতাংশ।আবার চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে এ খাতের ঋণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১১৯ কোটি ১৭ লাখ টাকা, যা এই সময়কালে বিতরণ করা ঋণের চেয়ে ৯১৬ কোটি টাকা বা সাড়ে ৭ শতাংশ বেশি।কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সুষ্ঠু তদারকি এবং নজরদারির কারণে এসএমই ঋণ বিতরণ ও আদায় অব্যাহত রয়েছে।২০১০ সালের বিশেষত শেষভাগে দেশের শেয়ারবাজারে অস্বাভাবিক স্ফীতি তৈরির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের ঋণ ভিন্ন খাতে গিয়ে পুঁজিবাজারে ঢুকেছে বলে বিভিন্ন মহল থেকে বলা হয়। এর কিছু প্রমাণও পায় কেন্দ্রীয় ব্যাংক, যা সংবাদপত্রে প্রকাশিতও হয়েছে।তবে, যেগুলোর প্রমাণ পাওয়া গিয়েছিল তা ছিল মূলত শিল্পের চলতি মূলধন ঋণ। কিন্তু বড় অভিযোগ উঠেছিল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বিনির্মাণে যে ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক দিতে উৎসাহ জুগিয়েছে, মূলত সেখান থেকেই অর্থ পুঁজিবাজারে ঢুকেছে। যদিও এর কোনো প্রমাণ এখনো কেন্দ্রীয় ব্যাংক বা গণমাধ্যমে প্রকাশিত হয়নি।প্রসঙ্গত, বিশ্ব অর্থনীতিতে ২০০৮ সালে যে মন্দা দেখা দেয়, এর পরিপ্রেক্ষিতে দেশের রপ্তানি বাজার বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে রপ্তানি আগের বছরের তুলনায় কমে যায়। বিশ্বব্যাপী সাধারণভাবেই রপ্তানি বাজারে চাহিদা কমে গেলে স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখার উদ্যোগ-পদক্ষেপ নেওয়া হয়। জাতীয় বাজেটে সরকার ও বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও অভ্যন্তরীণভাবে চাহিদা বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বড় আকারের এসএমই ও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যায়।কেন্দ্রীয় ব্যাংক এসএমই ঋণ পর্যালোচনায় বলেছে, ২০১০ সালের প্রথম তিন মাসে ক্ষুদ্রঋণ বিতরণের হার ছিল ৪০ শতাংশ। আর ২০১১ সালের প্রথম ত্রৈমাসিকে এই হার হয়েছে ৪৪ শতাংশ।২০১০ সালের প্রথম ত্রৈমাসিকে নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৩১৬ কোটি ২৩ লাখ টাকা আর ২০১১ সালের একই সময়ে বিতরণ করা হয়েছে ৪৪৭ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ প্রবৃদ্ধির হার ৪১ শতাংশ। তবে শিল্প খাতে ২০১০ সালে প্রথম ত্রৈমাসিকে তিন হাজার ১১৪ কোটি ৭৯ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। আর ২০১১ সালে একই সময়ে এই ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে তিন হাজার ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই প্রধানদের সঙ্গে আলোচনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নীতিমালার আওতায় ঋণ বিতরণের আগেই যাচাই-বাছাই করা হয়। আবার বিতরণের পর তাঁদের নজরদারি ও তদারকি কার্যক্রম যথাযথভাবে পালন করা হয়। ফলে এসএমই খাতের ঋণ অন্য খাতে যাওয়ার অভিযোগের বিষয়ে তাঁরা একমত নন।একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত তদারকি কার্যক্রম (অফসাইট ও অনসাইট অর্থাৎ ব্যাংকগুলোর পাঠানো তথ্য এবং সরেজমিন পরিদর্শন) অব্যাহত আছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ৬৫টি প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করেছে। এতে ঋণ যথাযথ ব্যবহারের প্রমাণাদি মিলেছে।