ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছর বড় শিল্পের চেয়ে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এ জন্য অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠা করে দেশের প্রত্যন্ত অঞ্চলে উৎপাদন খাতকে সম্প্রসারিত করা হবে।ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের খসড়ায় ‘গতিশীল উৎপাদন খাতের জন্য রপ্তানি বৈচিত্র্যকরণ ও কর্মসংস্থান’ শিরোনামের অধ্যায়ে এসব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, ২০১৫ সাল নাগাদ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করতে হলে দেশের শিল্পায়ন হতে হবে রপ্তানি বাণিজ্যকে লক্ষ্য রেখে। উৎপাদন খাতের সম্প্রসারণে বেসরকারি খাতকেই এগিয়ে আসতে হবে। সরকার শুধু সহায়ক ভূমিকা পালন করবে।গতকাল বুধবার খসড়া দলিলের এই অধ্যায়ের ওপর আলোচনা হয়। এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপির আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে প্রত্যেক মন্ত্রণালয়ের স্ব-স্ব পরিকল্পনা যেকোনো উপায়ে বাস্তবায়ন করতে হবে। সরকার সব ধরনের সহায়তা দেবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অভিমত দেন যে দেশি শিল্পের স্বার্থ রক্ষা হয় এমন ব্যবস্থা পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে থাকা উচিত। এ দেশ যেন বিদেশি পণ্যের বাজারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে তিনি পরিকল্পনা দলিলে শিল্পনীতি ভালোভাবে প্রতিফলিত হয়েছে বলে অভিমত দেন। তবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলটি একটি কৌশলভিত্তিক দলিল। এটি কোনো বিনিয়োগ দলিল নয় যে এতে বিনিয়োগের পুঙ্খানুপুঙ্খ চিত্র থাকবে। বরং মধ্যমেয়াদি বাজেটকাঠামো (এমটিবিএফ) বাস্তবায়ন করতে হলে এই দলিল অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, উৎপাদন বৃদ্ধি করতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বেশি গুরুত্ব দিতে হবে। তবে সামাজিক বা দলবদ্ধ জামানত থাকলে যেকোনো উদ্যোক্তা ব্যাংক থেকে এসএমই ঋণ পাবেন। তিনি শ্রমঘন শিল্প প্রতিষ্ঠায়ও বেশি গুরুত্ব দেন। মূল প্রবন্ধে উৎপাদন খাত সম্প্রসারণে বেসরকারি খাতকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সরকার শুধু বিনিয়োগকারীদের বাণিজ্যনীতি ও শিল্পনীতির মতো সহায়তা দেবে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় উৎপাদন খাতের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা বাণিজ্যসহায়তায় ব্যয় হবে। পরিকল্পনা দলিলে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র—এই তিনটি মন্ত্রণালয়ের জন্য মোট পাঁচ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া ২০১৪-১৫ অর্থবছর নাগাদ উৎপাদন খাতে সাড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর জিডিপিতে উৎপাদন খাতের অংশীদারি ২২ দশমিক ৩ শতাংশে উন্নীত করা হবে।