ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মূসক কমানো, প্রণোদনা বাড়ানোসহ ৩৯ প্রস্তাব
উৎপাদন পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমএই) যেসব প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর (মূসক) রেয়াত সুবিধা নিতে পারে না, সেসব প্রতিষ্ঠানের বিক্রির ওপর ৩ শতাংশ হারে মূসক আদায়ের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশন।সংস্থাটি বলছে, বাজারে বিক্রি হওয়া কাঁচামাল আমদানির সময়ই মূসক পরিশোধ করা হয়। কিন্তু অনেক এসএমই উদ্যোক্তা কাঁচামাল কেনার সময় মূসক পরিশোধের এসব কাগজপত্র পান না। সে কারণে তাঁরা মূসক রেয়াত সুবিধাও নিতে পারেন না। ফলে তাঁদের বিক্রয়মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক পরিশোধ করতে হয়। এ অবস্থায় কারখানার অনেক মালিকই উৎপাদন বন্ধ রাখছেন। আবার অনেকে বাধ্য হয়ে মাঠ পর্যায়ের অসাধু মূসক কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক বোঝাপড়া করে কারখানা চালু রাখছেন।গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। এসএমই ফাউন্ডেশনের কর উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন এসব প্রস্তাব তুলে ধরেন। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এতে সভাপতিত্ব করেন। ২০১৩-১৪ বাজেট সামনে রেখে এসএমই খাতের স্বার্থসংশ্লিষ্ট এমন ৩৯টি প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন।মূসক: দুটি এসআরওর আওতায় বর্তমানে ২৫ লাখ টাকার মূলধনী যন্ত্রপাতি আছে—এমন প্রতিষ্ঠানগুলো ৪০ লাখ টাকা বার্ষিক লেনদেন (টার্নওভার) পর্যন্ত মূসক সুবিধা পাচ্ছে।এসএমই ফাউন্ডেশন বলেছে, ২৫ লাখ টাকার যন্ত্রপাতি একটি ছোট শিল্পের জন্যও অপ্রতুল। এ ছাড়া বার্ষিক লেনদেন ৪০ লাখ টাকা একটি শিল্পের জন্য যথেষ্ট নয়। তাই বার্ষিক লেনদেন বাদ দিয়ে বিনিয়োগের সিলিংকে ভিত্তি ধরে মূসক অব্যাহতির বিধান চালু করা প্রয়োজন।পণ্য বিক্রির ক্ষেত্রে নমুনা প্রদান একটি প্রচলিত ও প্রয়োজনীয় চর্চা। বর্তমানে বিক্রির ক্ষেত্রে নমুনা পণ্যের ওপর ১৫ শতাংশ মূসক কাটা হয়। এসএমই ফাউন্ডেশনের প্রস্তাব হলো মোট উৎপাদনের ৫ শতাংশ নমুনা হিসেবে ব্যবহার করা হলে তা ভ্যাটমুক্ত করা হোক। একইভাবে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ওপর ২ শতাংশ হারে পণ্যের নমুনা বিনা মূল্যে বিতরণের অনুমতি দেওয়ারও প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।প্রণোদনা: চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্প বর্তমানে ১৫ শতাংশ প্রণোদনা পাচ্ছে। এটা বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব এসএমই ফাউন্ডেশনের।দেশের বিভিন্ন রপ্তানি খাত নগদ সহায়তা পেলেও প্লাস্টিক পণ্য তা পাচ্ছে না। তাই সরাসরি রপ্তানির বিপরীতে এ খাতকে ২০ শতাংশ নগদ ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে ফাউন্ডেশন।প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও হস্তশিল্পজাত পণ্য রপ্তানির ওপর বর্তমানে ২০ শতাংশ হারে প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।ফাউন্ডেশন হস্তশিল্পের মূসক ও আয়কর মওকুফ সুবিধার মেয়াদ বৃদ্ধির সুপারিশ করেছে।