ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৯ শতাংশ সুদে ঋণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) টেকসই বিকাশের লক্ষ্যে এ খাতের উদ্যোক্তারা ৯ শতাংশ হারে ঋণসুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন।
উদ্যোক্তারা বলছেন, এসএমই খাতে বিরাট সম্ভাবনা কাজে লাগাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা সহজীকরণের পাশাপাশি এ খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘এসএমই খাতের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় উদ্যোক্তারা এসব দাবি জানান। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অনুষ্ঠানে উদ্যোক্তারা অভিযোগ করেন, সারা দেশের বিসিক শিল্পনগরীগুলোতে এখনো অনেক প্লট খালি পড়ে আছে। প্লট বরাদ্দ নিয়ে দীর্ঘদিনেও সেখানে শিল্প হয়নি। তাঁরা প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া এবং প্লটের দাম ও সার্ভিস চার্জ সহনীয় পর্যায়ে রাখার পরামর্শ দেন।
জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিসিক শিল্পনগরীগুলোর খালি প্লট দ্রুত বরাদ্দ দিতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব উদ্যোক্তা দীর্ঘদিন শিল্প স্থাপন করেননি, তাঁদের প্লটও বাতিল করা হচ্ছে।
সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।