উন্নয়নশীল দেশের অর্থনীতিতে রপ্তানি আয়ের বড় মাধ্যম হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই)। এ জন্য দেশের এসএমই খাতের সম্ভাবনা বিবেচনায় রেখে সরকারকে এ খাতে ঋণসুবিধা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন ও গুণগত মান বাড়ানোর উদ্যোগ নিতে হবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তিন দিনের এ মেলা আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে প্রবেশমূল্য রাখা হয়নি।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি-বি) সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির ও উপমহাব্যবস্থাপক মজিবুর রহমান, ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামসুল হক, যশোরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান, রাঙামাটির উদ্যোক্তা মল্লিকা চাকমা, যশোরের রঙ হ্যান্ডিক্র্যাফটের স্বত্বাধিকারী তনুজা রহমান, ঠাকুরগাঁওয়ের কারুপণ্যের কর্মকর্তা চন্দনা ঘোষ বক্তব্য দেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়া এসএমই উদ্যোক্তাদের প্রধান সমস্যা। আবার উচ্চ সুদের কারণে অনেক উদ্যোক্তাই ঋণ নিতে সাহস পান না। তা ছাড়া বন্ধকীর ঝামেলাও আছে। তাই বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।দিলীপ বড়ুয়া বলেন, ‘দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিতে হলে প্রয়োজন স্থিতিশীল রাজনীতি। আর এ জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন। আমি কি নিজেকে লাভবান করার জন্য সবার স্বার্থ বিসর্জন দেব, নাকি সবার স্বার্থ দেখব। সেটা এখন ভেবে দেখতে হবে।’মাহবুবুর রহমান বলেন, উৎপাদনশীল খাতে নিয়োগ বা কর্মসংস্থানের ৬০ শতাংশই হয়ে থাকে এসএমই খাতে। দেশের রপ্তানি খাতেও এসএমই খাতের অবদান সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, অনেক স্থানে উদ্যোক্তাদের জায়গা দেওয়া হলেও সেখানে অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে না। এ বিষয়ে সরকারকে নজর দিতে হবে।মল্লিকা চাকমা বলেন, রাঙামাটিতে পাট হয়। কিন্তু পাট থেকে যে দড়ি হয়, সে বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। তাই সুযোগ থাকলেও সেখানে এ ধরনের উদ্যোগ কম। তিনি বলেন, ‘ব্যাংক সহজে আমাদের ঋণ দিতে চায় না। যদি দেয়, তাহলে জায়গা-জমির দলিল দেখাতে হয়।’সৈয়দ রেজওয়ানুল কবির বলেন, প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের পক্ষে ঢাকায় শোরুম নিয়ে তাঁদের পণ্যের প্রচার চালানো সম্ভব নয়। সেসব উদ্যোক্তাকে সহায়তা দিতেই এ মেলার আয়োজন।আয়োজকেরা জানান, মেলায় দেশের ১৯টি জেলার ১১০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত তৃণমূল পর্যায়ের উদ্যোক্তারাই মেলায় অংশ নিচ্ছেন। মেলায় হস্তশিল্প, বুটিক ও চামড়াজাত পণ্যের আধিক্যই বেশি। মেলায় ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক এবং বাংলালিংকের স্টলও রয়েছে।