ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ৫০০ কোটি টাকা দেবে জাইকা
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) সঙ্গে প্রায় ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের উপস্থিতিতে দেশের মোট ২১টি ব্যাংক ও ১৮টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা জাইকার বাংলাদেশ মিশনের প্রধান টাকাও টোডার সঙ্গে এই ঋণ চুক্তি সই করেন।অনুষ্ঠানে গভর্নর বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প উদ্যোগকে মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্পে অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ১৮ মে সরকার ও জাইকার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তি অনুযায়ী ‘ফাইন্যান্সিয়াল সেক্টর প্রজেক্ট ফর দ্য ডেভেলপমেন্ট অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসপিডিএসএমই) (বিডি-পি৬৭)’-শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় জাপান সরকার প্রায় ৫০০ কোটি টাকা সহায়তা দেবে।আতিউর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে এসএমইতে অর্থায়ন করতে পারে, সে লক্ষ্যে ব্যাংক হারে (৫ শতাংশ) তহবিল সরবরাহ করা হবে। অর্থায়নকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রকল্প কর্তৃপক্ষ ও উদ্যোক্তাকে ঋণের শতকরা প্রকৃত ব্যয় অবহিত করতে বাধ্য থাকবে।