ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জয়যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোগগুলো অসংগঠিত। মানে একটি শিল্প কারখানা গড়ে তোলার জন্য যে ধরনের সংগঠিত তৎপরতা থাকা দরকার, তেমন নয়। কিন্তু ব্যবসায়িকভাবে সফল এবং আন্তর্জাতিক বাজার তৈরি করে ফেলেছে। ঢাকায় বসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এসব উন্নয়নের কথাবার্তা হয়তো খুব একটা আলোচিত হয় না। কিন্তু সীমিত ক্ষমতা দিয়ে বড় হচ্ছে, সুনাম করছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।সৈয়দপুরের মুন্সিপাড়ায় ছোট ছোট টিনের ঘরে পাঁচ থেকে ১০টি সেলাই মেশিন চলছে দিন-রাত। ঢাকা থেকে তৈরি পোশাক কারখানার ঝুট কাপড় কিনে নিয়ে সেখানে তৈরি হয় ট্রাউজার, শার্ট, জ্যাকেট, শর্টস। ইতিমধ্যে বাজার করে নিয়েছে ভুটান, নেপাল ও ভারতের শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এই তৈরি পোশাককে ঘিরে একটি পাইকারি বাজারও গড়ে উঠেছে। নাম বিধান মার্কেট। দামে সস্তা হওয়ায় প্রতিবেশী দেশগুলোর নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব পণ্যের বিপুল চাহিদা। চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা এখন অনেক গৃহিণীকেও সেলাই মেশিন কিনে দিচ্ছেন। তাঁরা ঘরে বসেই উপার্জন করছেন। আবার এসব ছোট কারখানায় নীলফামারী, পার্বতীপুর, দিনাজপুরসহ আশপাশের এলাকার মানুষ কাজের খোঁজে আসছেন। এমনই আরেকটি শিল্প বগুড়ার ফাউন্ড্রি শিল্প। স্থানীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রাংশ উৎপাদনে একরকম বিপ্লব ঘটে গেছে বগুড়ায়। বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বাম্মা) হিসাবে, সারা দেশে গভীর নলকূপ, হস্তচালিত নলকূপ, পাওয়ার ট্রিলার, ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রাংশের চাহিদার প্রায় ৮০ শতাংশই পূরণ করছে বগুড়ার এই লৌহশিল্প। এ ছাড়া এখানে তৈরি ধান ও ভুট্টা মাড়াই যন্ত্র দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চীন থেকে খুচরা যন্ত্রাংশ এনে বগুড়ার কারিগরেরা নিজস্ব মেধা ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছেন এসব যন্ত্র।অনুসন্ধানে জানা যায়, ষাটের দশকে তৎকালীন সরকার কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ শুরু করে। কিন্তু এসবের যন্ত্রাংশও বিদেশ থেকে আনতে হতো বলে ব্যয় পড়ত বেশি। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লেদমিস্ত্রিরা নিজেরাই বিভিন্ন যন্ত্রাংশ তৈরি শুরু করেন। স্বাধীনতার পর উদ্যোগটি আরও বেগবান হয়। আর এ কাজটি শুরু করেন মূলত পাকিস্তান আমলে গড়ে ওঠা স্থানীয় প্রতিষ্ঠান ‘ভাণ্ডারি মেটাল’ ও ‘জাহিদ মেটাল’ থেকে বেরিয়ে আসা শ্রমিকেরা। ওই সময়ই অগভীর নলকূপে ব্যবহূত সেন্ট্রিফিউগাল পাম্প তৈরি করে বগুড়ায় সাড়া ফেলে দেন আনিছুর রহমান ওরফে খোকা মিস্ত্রি। পরে অন্যরাও তাঁর প্রযুক্তি অনুসরণ করেন।আশপাশের জেলাগুলোতে এসব যন্ত্রাংশের চাহিদা বাড়তে থাকলে ১৯৮০ সালের মাঝামাঝি থেকে বগুড়ায় ছোট ছোট নানা কারখানা গড়ে ওঠা শুরু হয়। ১৯৮৫ সালে এগিয়ে আসে বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা)। বিসিকের একটি প্রকল্পের অধীনে জনতা ব্যাংকের সহায়তায় ছোট ছোট আরও কিছু কারখানা গড়ে ওঠে। এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেন, বগুড়ার তৈরি কৃষি যন্ত্রাংশ চোরাইপথে ভারতেও চলে যাচ্ছে। এর গুণ-মান চীন ও ভারতের যন্ত্রাংশের চেয়ে ভালো বলেও দাবি করেন তাঁরা।ভাঙা জাহাজের লোহালক্কড়সহ পরিত্যক্ত লোহা গলিয়ে খুচরা যন্ত্রাংশ তৈরির এ শিল্পমালিকদের একটি সমিতিও আছে—ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এর সূত্রমতে, বগুড়া শহরে ছোট-বড় প্রায় ৩০টি ফাউন্ড্রি কারখানা রয়েছে। এ ছাড়া দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বগুড়ার বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে ধান ও ভুট্টা মাড়াই মেশিন। একটি যন্ত্র তৈরিতে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়; বিক্রি হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। সময় লাগে এক সপ্তাহ। দেড় লিটার ডিজেলে এ যন্ত্র ঘণ্টায় পাঁচ বিঘা জমির ধান মাড়াই করতে পারে।এ শিল্পের প্রসার ও বিকাশের সঙ্গে দুই দশক ধরে জড়িত গোলাম আজম টিকুল। ফোরাম অব এগ্রো মেশিনারিজ অ্যান্ড প্রসেসিং নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে কাজ করছেন তিনি। তাঁর মতে, এখানে তৈরি যন্ত্রাংশ জাপানি ও চীনা মেশিনে সহজেই কাজ করছে, এটা কম অর্জন নয়। উত্তরবঙ্গে যেসব ভারী শিল্প ছিল, তার বেশির ভাগই আজ বন্ধ হয়ে গেছে। কিন্তু স্থানীয়ভাবে গড়ে ওঠা এই হালকা প্রকৌশলশিল্প পৃষ্ঠপোষকতা পেলে অনেক উন্নত হতে পারে। এমনকি, এ শিল্পের কারিগরেরা আত্মবিশ্বাস ও সহযোগিতা পেলে অগভীর নলকূপ এবং পাওয়ার টিলারও বানিয়ে ফেলতে পারবেন।শুধু উত্তরবঙ্গ নয়, ভৈরবের কালিকাপ্রসাদ নামে এক ইউনিয়নে ঘরে ঘরে গড়ে উঠেছে জুতার কারখানা। এ রকম কারখানার সংখ্যা ভৈরব উপজেলায় প্রায় পাঁচ হাজার। সারা দেশের জুতা এবং চামড়ার স্যান্ডেলের অনেকটাই চাহিদা পূরণ করে থাকে ভৈরবের এসব জুতার কারখানা। দেশের অনেক নামীদামি জুতাশিল্প তাদের কাছে পণ্য কিনে পরে স্টিকার লাগিয়ে এসব জুতা ও স্যান্ডেল বিক্রি করে থাকে। ঢাকার ধোলাই খালের হালকা প্রকৌশল শিল্পের অভিজ্ঞতা আরও চিত্তাকর্ষক। শত শত কারখানা গড়ে উঠেছে। কোনো রকম সরকারি সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা ছাড়াই বাংলাদেশে এভাবে গড়ে উঠছে ক্ষুদ্র ও মাঝারি নানা ধরনের শিল্প। প্রথাগত অর্থনীতির অনেক বোঝাপড়াকেই চ্যালেঞ্জ করছে। মিথ্যা প্রমাণ করছে অনেক বাঘা বাঘা অর্থনীতিবিদের ভবিষ্যদ্বাণীকে। বিশ্ববাজার থেকে বাংলাদেশের পাট বিদায় নিয়েছে—এক দশক আগে এ পর্যবেক্ষণ ছিল দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। ২০০২ সালে আদমজী জুট মিল বন্ধের পর অনেকে এও বলেছেন, বাংলাদেশে পাট খাতের মৃত্যু ঘটেছে। কিন্তু বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলের ৫০ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে তৈরি হয়েছে ছোট ছোট পাটকল। আর এভাবেই বদলাতে শুরু করেছে উত্তরবঙ্গের পাটচাষির ভাগ্য। অনুসন্ধানে জানা গেছে, গত এক দশকে বগুড়া, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে পাটকলগুলো গড়ে উঠেছে। এসব পাটকলে চট, সুতলি ও বস্তা তৈরি হচ্ছে। ছোট ছোট মিলে ১০ থেকে সর্বোচ্চ ৫০টি তাঁত আছে। সৈয়দপুর বেসিক ব্যাংকের অর্থায়নে গড়ে উঠেছে নীলফামারী ও কুড়িগ্রামে কয়েকটি পাটকল। বেসিক ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যেহেতু উত্তরবঙ্গে পাট হয়, সে কারণে পাটের তৈরি বস্তা ও সুতলির চাহিদাও উত্তরবঙ্গে রয়েছে। তাই এ খাতের বিনিয়োগকারীদের পাশে দাঁড়িয়েছে বেসিক ব্যাংক। তিনি বলেন, একসময় ৫০০ টাকা দরে প্রতি মণ পাট কেনার জন্য কত ঘেরাও, আন্দোলন হতো। আর এখন বাজারে পাটের দাম দুই হাজার টাকা ছাড়িয়ে গেছে। পাটকলগুলোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।সৈয়দপুরের বিসিক এলাকায় অবস্থিত পোদ্দার অ্যাগ্রোবেজড ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করে দেখা যায়, ৫০ বছরের তৈরি ইংল্যান্ড থেকে আসা তাঁতগুলো এখানে পুরোদমে চলছে। একসময় পাঁচ হাজার বর্গফুটের ওপর একটি তাঁত দিয়ে শুরু হলেও বর্তমানে তিনটি তাঁতের মালিক রাজু পোদ্দার জানিয়েছেন, নারায়ণগঞ্জের সাত্তার জুট মিল থেকে মেশিন কিনে প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগে এই পাটকলটি চালু করেছিলেন। এসব সাফল্য আমাদের প্রথাগত অর্থনৈতিক দর্শনের ওপরও চাপ তৈরি করছে। বর্তমানে এ রকম ছোট ও মাঝারি শিল্পের সংখ্যা কত তার কোনো হিসাব নেই সরকারের হাতে। ২০০১ ও ২০০৩ সালের অর্থনৈতিক শুমারি অনুসারে দেশে এদের সংখ্যা হবে ২৬ হাজার। আর ২০০৫-০৬ সালের ম্যানুফ্যাকচারিং জরিপের প্রতিবেদন অনুসারে ১০ থেকে ১০০ জনের (এরাই ছোট ও মাঝারি শিল্প হিসেবে চিহ্নিত) নিচে কাজ করে এ রকম প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০ হাজার। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক কাজ করেন। কিন্তু গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক সুবিধা কোনো ক্ষেত্রেই তাঁদের দেওয়া হয় না বিশেষ সুবিধা। পান না সরকারের কাছ থেকে কোনো প্রণোদনা।তাই দাবি উঠেছে, শুধু উচ্চ প্রবৃদ্ধি, বড় শিল্প ও শহরভিত্তিক উন্নয়ন নয়, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ছোট ও মাঝারি শিল্পকে সরকারি উন্নয়ন-ভাবনার কেন্দ্রে নিয়ে আসতে হবে। এই খাতকে দিতে হবে প্রণোদনা।এ ব্যাপারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, আশার কথা হলো, ২০১০ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলাদেশ ব্যাংক বড় অঙ্কের ঋণ বিতরণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে এবং তা মনিটর করার জন্য একটি কমিটিও গঠন করেছে। তবে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুদের হার এখনো বেশি এবং তা ১৭ থেকে ১৮ শতাংশ। এটাকে এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশ্বায়নে এই খোলা পরিবেশ থেকে বাঁচতে সংরক্ষণ-সুবিধা দেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।