ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক দুর্বলতা পুঁজি করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক স্প্লিট বা শেয়ার বিভাজনের কারণে অভিহিত মূল্য সমন্বয় সাধন ছাড়া শেয়ারের বাজারমূল্যের ওপর অন্য কোনো প্রভাব থাকার কথা নয়। কিন্তু তদন্তে বের হয়েছে, শেয়ার বিভাজনের কারণে ২০০৯-১০ সময়কালে পুঁজিবাজারে শেয়ারের মূল্য ও তারল্যের ওপর অপ্রত্যাশিত প্রভাব পড়েছে। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিনিয়োগকারী বিশেষত, ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে পুঁজি করে বিভাজিত শেয়ার ক্রয়ের প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দিয়ে শেয়ারের বাজারমূল্যের ওপর অতিমাত্রায় প্রভাব ফেলা হয়েছে।’প্রতিবেদন অনুসারে, ২০০৯ ও ২০১০ সালে ৬২টি তালিকাভুক্ত কোম্পানি শেয়ার বিভাজন করেছে। কোম্পানিগুলো শেয়ার বিভাজন শুরু করে জুলাই ২০০৯ থেকে। কমিটি ২০০৯ সালের ২ জুলাই থেকে শুরু করে ২০১০ সালের ৫ ডিসেম্বর সময়কালে পুঁজিবাজারের সার্বিক বাজার মূলধনে কী পরিবর্তন হয়েছে, তা বিশ্লেষণ করেছে। পর্যালোচনার ভিত্তিতে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাজার মূলধনের ঊর্ধ্বগতি শুধু শেয়ার বিভাজন দ্বারা ব্যাখ্যা করা যায় না। কিন্তু এ কথা নির্দ্বিধায় বলা যায়, শেয়ার বিভাজিত কোম্পানিগুলোর বাজার মূলধন বেড়েছে ৬৫৫ শতাংশ, আর অন্যদিকে শেয়ার অবিভাজিত কোম্পানিগুলোর বাজার মূলধন বেড়েছে মাত্র ৪৬ শতাংশ। ২০০৯ সালে ২ জুলাই অবিভাজিত কোম্পানিগুলোর বাজার মূলধন অবিভাজিত কোম্পানিগুলোর তিন গুণেরও বেশি। অথচ ৫ ডিসেম্বর বিভাজিত কোম্পানিগুলোর বাজার মূলধন অবিভাজিত কোম্পানির বাজার মূলধনের প্রায় দ্বিগুণ হয়ে যায়। জুলাই, ২০০৯ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত বাজার মূলধন বৃদ্ধির পেছনে শেয়ার বিভাজিত কোম্পানিগুলোর অবদান ৮১ দশমিক ৫ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, শেয়ারের বিভাজনকারী কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। ৬২টি শেয়ার বিভাজিত কোম্পানির মধ্যে ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৫০ শতাংশই শেয়ার বিভাজন প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। তা ছাড়া ২১টি ইন্স্যুরেন্স কোম্পানি ও সাতটি টেক্সটাইল কোম্পানি ও শেয়ার বিভাজন করেছিল। কিন্তু ওষুধ ও রাসায়নিক খাতের অন্তর্ভুক্ত কোনো কোম্পানি শেয়ার বিভাজন করেনি।