ক্ষুদ্র বুটিক থেকে ব্র্যান্ডমুখী দেশজ পোশাকশিল্প
দেশজ পোশাকের সম্ভার মানে এখন দেশীয় ব্র্যান্ড। একসময়ের ঘরোয়া বা শৌখিন আঙ্গিকে গড়ে ওঠা ছোট বুটিকের কিছু দোকানই বাজারবিস্তৃতির সঙ্গে সঙ্গে রূপ নিয়েছে প্রতিষ্ঠিত ব্র্যান্ডে। আর ক্রমাগত বাড়তে থাকা চাহিদার বিপরীতে রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠছে নতুন নতুন বুটিক।ছোট, মাঝারি ও বড় মিলিয়ে এখন দেশজুড়ে কমবেশি পাঁচ হাজার প্রতিষ্ঠান জোগান দিচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবিসহ নানা রকম পোশাক। দেশীয় কাপড়, দেশীয় বুননে রং ও নকশার বৈচিত্র্যে এসব পোশাক উৎসব-পার্বণে ক্রমেই হয়ে উঠছে কাঙ্ক্ষিত। আর দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকেও তুলে ধরা হচ্ছে নানাভাবে। সময়ের সঙ্গে সঙ্গে বৈচিত্র্যময় ডিজাইন, নান্দনিকতা আর দেশীয় ভাবধারার এই পোশাকের দিকে সব বয়সী মানুষই ঝুঁকছে। এভাবেই চাহিদার সঙ্গে দেশীয় পোশাকের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে।স্বাধীনতার পর প্রথমে রূপায়ণ ও নিপুণ এবং পরে আড়ং দেশজ পোশাকের নতুন ধারণা দিয়ে বুটিককে পরিচিত করে তুলে। ব্র্যাকের আড়ং অবশ্য পোশাকের বাইরেও নানা পণ্যসম্ভারে আজ একটি সুবিশাল প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে আরও কয়েকটি প্রতিষ্ঠান ছোট পরিসরে এগিয়ে আসে। সেখান থেকেই রূপ নেয় বড় কিছু প্রতিষ্ঠান। আর তাই ক্ষুদ্র পরিসরে শুরু করা সাদাকালো, কে-ক্রাফট, রঙ, নগরদোলা, দেশালসহ অনেক বুটিকই নামী ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। যুক্ত হয়েছে বাংলার মেলা, অঞ্জনস, ওজি, প্রবর্তনা, বিবিয়ানার মতো প্রতিষ্ঠান। কয়েকটি প্রতিষ্ঠান বিদেশেও বিক্রয়কেন্দ্র খুলে বাংলাদেশি পোশাক রপ্তানি শুরু করছে। দেশীয় পোশাককে ফ্যাশনের মাত্রায় অভিনবত্ব আনার কারণে এরা ফ্যাশন হাউস নামেও খ্যাতি কুড়িয়েছে।এসব পোশাক তৈরিতে কুমিল্লার খাদি, নরসিংদীর থানসহ দেশীয় তাঁতের কাপড়ের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ফলে, দেশের তাঁতশিল্পেও একটা জোয়ার এসেছে। উদ্যোক্তা থেকে শুরু করে কাপড় বোনার কারিগর-তাঁতি পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ এই খাতটির সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত আছেন।উদ্যোক্তারা বলছেন, পোশাকসহ নানা ধরনের হস্তশিল্পজাত পণ্যসম্ভার যুক্ত হয়ে এখন এটা একটা বৃহত্তর শিল্প খাতে রূপ নিয়েছে। তাঁরা আরও বলেন, দেশীয় পোশাক দিয়ে বিপ্লব ঘটানো সম্ভব। এখনো অনেক শিল্পী, ডিজাইনার, তাঁতি বেকার আছেন। তাই বিনিয়োগকারীরা এ খাতে সহজেই ভালো জায়গা করে নিতে পারবে। এ জন্য সরকারকে দেশীয় এই শিল্পটির প্রতি সুনজর দিতে হবে।ইতিমধ্যে খ্যাতনামা ১০টি দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিলে গড়েছে একটি সমন্বিত ব্র্যান্ড, যার নাম ‘দেশী দশ’। এক ছাদের নিচে এই ১০টি প্রতিষ্ঠানের প্রস্তুত করা পোশাকপণ্য পাওয়া যাচ্ছে এই ব্যবস্থায়। একই সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক স্বার্থ রক্ষায় গঠন করা হয়েছে ফ্যাশন উদ্যোগ বা ‘ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। ৫০টির বেশি প্রতিষ্ঠান এর সদস্য। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের জন্য এখন কাজ করে যাচ্ছে একটি আহ্বায়ক কমিটি। মনিরা ইমদাদ এর আহ্বায়ক।এই কমিটির সদস্য-সচিব ও সাদাকালোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক আজাদ প্রথম আলোকে বলেন, দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন আর শৌখিন ক্ষুদ্র দোকান বা বুটিক হাউসে সীমিত নেই। ছোট থেকে যাত্রা শুরু করে অনেক প্রতিষ্ঠানই এখন একেকটি প্রতিষ্ঠান। একইভাবে পুরো কর্মকাণ্ডই এখন একটি বিকাশমান শিল্প। দুর্ভাগ্যজনকভাবে এই শিল্পের জন্য সরকারের দিক থেকে নেই কোনো নীতিমালা ও দিকনির্দেশনা।আজাদ আরও বলেন, কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই গড়ে উঠেছে দেশীয় এই শিল্প। আজ দেশীয় পোশাক প্রতিযোগিতা করছে বিদেশি পোশাকের সঙ্গে। উৎসবে-আয়োজনে দেশীয় পোশাকের চাহিদা ও কদর প্রতিনিয়তই বাড়ছে। একই সঙ্গে এই শিল্পে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিচ্ছে। এসব সমস্যা ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তুলে ধরা ও এই শিল্পের জন্য নীতি-সমর্থন পাওয়ার তাগিদ থেকেই সমিতি বা অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।প্রবর্তনার অন্যতম পরিচালক শাহিদ হোসেন শামীম প্রথম আলোকে বলেন, দেশজ পোশাক বা বস্ত্রশিল্পের সঙ্গে কারু-মৃৎ ও হস্তশিল্পকে সমন্বিত করে দেখাটা জরুরি। কেননা, পোশাকের পাশাপাশি এসব পণ্যও কমবেশি ঠাঁই পাচ্ছে প্রতিষ্ঠানগুলোর দোকানে। এখানে শ্রমিক, সুতা, রংসহ সব উপকরণই দেশি। সেদিক থেকে এই খাতটির পরিসর আসলে অনেক বড়। ফলে, এটি একটি বিস্তৃত দেশজ শিল্প। এই শিল্পকে ছোট করে দেখার কোনোই সুযোগ নেই।শামীম আরও বলেন, এই শিল্পে শহর থেকে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের বিশেষত নারীদের কাজের সুযোগ তৈরি হয়েছে। তাঁরা ঘরে বসে কাজ করেই কিছু অর্থ উপার্জন করতে পারছেন। কর্মসংস্থানের দিক দিয়েও দেশজ পোশাকশিল্পের গুরুত্ব বাড়ছে, সামনে আরও বাড়বে।এই মত সমর্থন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক নাজনীন আহমেদ প্রথম আলোকে বলেন, বিকাশমান এই শিল্প অবশ্যই নানামুখী কর্মসংস্থান তৈরি করছে। তাঁতশিল্পে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা থেকে শুরু করে নকশাকার বা ডিজাইনার, কার-চারুশিল্পী, বিপণনকর্মী, বাজার ব্যবস্থাপকসহ বিভিন্ন পেশায় কাজের সুযোগ বাড়াচ্ছে।তবে ঘরোয়া বা ক্ষুদ্র পর্যায়ে শখের বুটিকে সেভাবে কর্মসংস্থান হয় না উল্লেখ করেন নাজনীন আরও বলেন, এই খাতে আরও বেশি পেশাদারি নিয়ে অগ্রসর হতে হবে। এ জন্য সরকারি নীতি-সহায়তা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রকৃত উদ্যোক্তা মনোভাব। সেটা ছোট বা মাঝারি যা-ই হোক না কেন।ছোট থেকে ব্র্যান্ড: ১৯৯৪ সালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ক্ষুদ্র পরিসরে চার তরুণ জাকিরুল হায়দার, মামুন আল কবীর, সৌমিক দাস ও বিপ্লব সাহা মিলে শুরু করেন ‘রঙ’। প্রথম দুজন একে একে প্রবাসী হলে শেষ দুজনই হাল ধরে এগিয়ে নিয়েছেন এই প্রতিষ্ঠানটিকে। পোশাক তৈরিতে নতুনত্ব আর সৃজনশীলতা দেখিয়ে বাহারি রঙের নকশা এনে আজ দেশের অন্যতম দেশজ ব্র্যান্ডে পরিণত হয়েছে রঙ।কিংবা ধরা যাক দেশালের কথা। ২০০৫ সালে তিন তরুণ একত্রে ‘দেশাল’ নামে শাহবাগের আজিজ সুপার মার্কেটে একটি বুটিক হাউস খুলেন। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে এর সাতটি বিক্রয়কেন্দ্র আছে। শাড়ি, লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবি, সেলোয়ার-কামিজ, টি-শার্টসহ প্রায় ২০ ধরনের পোশাক তৈরি করে তারা। এতে কাজ করেন প্রায় পাঁচ হাজার মানুষ।দেশালের কর্ণধারদের একজন কনক আদিত্য প্রথম আলোকে বলেন, ‘প্রথমে আমরা মধ্যবিত্তদের জন্য পোশাক তৈরি করি। এখন সেই গণ্ডি থেকে বেরিয়ে শিগগিরই আমরা দেশের বৃহত্তর জনগোষ্ঠী নিম্নবিত্তদের জন্য কাজ করব। সে জন্য গবেষণা করছি। এ ছাড়া আমরা দেশের বাইরেও পোশাক রপ্তানির চিন্তাভাবনা করছি।’সংশ্লিষ্টরা জানান, দেশের স্বনামধন্য ফ্যাশন হাউসগুলোর মধ্যে কে-ক্রাফট, নাগরদোলা, সাদাকালো মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশীয় এই পোশাক রপ্তানি করছে।এ প্রসঙ্গে নাজনীন আহমেদ বলেন, ব্র্যান্ডিং করার মাধ্যমে এসব প্রতিষ্ঠান তাদের পণ্যের গুণগত মানও বাড়িয়েছে। কেননা, ব্র্যান্ড ভাবমূর্তি ধরে রাখতে চাইলে গুণগত মান অবশ্যই বাড়াতে হবে। একই সঙ্গে পোশাকে আসছে বৈচিত্র্য ও অভিনবত্ব। এটাও কিন্তু এসেছে ভোক্তার চাহিদার প্রতি সাড়া দিয়ে। ভোক্তারাও এখন টেকসই ও ভালো পোশাকের জন্য ব্র্যান্ডের ওপর নির্ভর করতে চায়। এ ক্ষেত্রে কর্মজীবী মানুষ বিশেষত নারীদের কথা উল্লেখ করতে হয়। তবে এখনো এসব ব্র্যান্ডের পোশাক বেশির ভাগ মানুষের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।বৈষম্যের শিকার: প্রবৃদ্ধি অর্জনের নানা সুযোগ থাকলেও বর্তমানে দেশীয় পোশাকশিল্প অদ্ভুত এক কর-বৈষম্যের শিকার। বিদেশি পোশাক বিক্রেতারা যেখানে তাদের পণ্য বিক্রিতে মাত্র ২ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) দিচ্ছে, সেখানে দেশীয় পোশাক বিক্রেতাদের ওপর ধার্য করা হয়েছে ৫ শতাংশ হারে মূসক।এ তথ্য উল্লেখ করে রঙের অন্যতম স্বত্বাধিকারী ও ফ্যাশন উদ্যোগের অর্থ সম্পাদক সৌমিক দাস প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বাজেটের আগেই অর্থমন্ত্রী মহোদয়ের দ্বারস্থ হয়েছিলাম। তিনি একটি ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।’