ক্ষুদ্র ব্যবসায় বড় আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা টানা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালে সারা দেশের ব্যবসা-বাণিজ্য ঝিমিয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ী-বিক্রেতারা দোকানপাট খুলতে সাহস পাচ্ছেন না। মিলছে না যানবাহনও। ফলে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের দৈনন্দিন স্বাভাবিক বেচাকেনা বন্ধ। বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার পরিবর্তন না হলে পথে বসার আশঙ্কা করছেন অনেকেই। অন্যদিকে বন্দর থেকে পণ্য খালাস ও পরিবহন করতে না পারায় আমদানি ও রপ্তানিকারকেরাও বিপাকে পড়েছেন। রপ্তানিমুখী উৎপাদন ও ব্যবসাও হরতালে আক্রান্ত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো তৈরি পোশাকশিল্প। কিন্তু হরতালে বরাবরই এই শিল্পের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। আমরা ঠিকমতো কাঁচামালসহ সুতা পরিবহন করতে পারি না, উৎপাদিত পণ্য জাহাজিকরণের জন্য বন্দরে নিয়ে যেতে পারি না। এর ফলে পরিস্থিতি নাজুক হয়ে পড়ে।’ গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অলিগলিতে কিছু দোকানপাট খোলা থাকলেও মূল সড়কের অবস্থা উল্টো। পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, তাঁতিবাজার, নবাবপুর, নিউমার্কেট, মিরপুর এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সন্ধ্যা পর্যন্ত হরতাল থাকলেও নিরাপত্তার কারণে সন্ধ্যার পরও বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলেননি। বিষয়টি স্বীকার করে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার ঢালী প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে সন্ধ্যার পর হরতাল শেষ হলেও ব্যবসায়ীরা দোকানপাট খোলার সাহস পাচ্ছেন না। তিনি আরও বলেন, এমনিতে এখন ইসলামপুরের কাপড় ব্যবসায় মন্দা চলছে। তার ওপর হরতাল। বেচাকেনা পুরোপুরি বন্ধ। অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ঢাকা সার্কেলের সভাপতি মো. ইকরামউল্লাহ হাবিব বলেন, ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। নবাবপুরের এই ব্যবসায়ী আরও বলেন, ঢাকার বাইরের পাইকারেরা আসতে পারছেন না। ফলে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটিরুজির ওপর আঘাত এসে পড়েছে।ইকরামউল্লাহ হাবিব বলেন, হরতাল রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা কোনো সমাধান হতে পারে না। এর বিকল্প চিন্তা করতে হবে। এমনটা চললে দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হতে যাবে বলেও মন্তব্য করেন তিনি।চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, হরতালের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার ও ট্রাক-কাভার্ড ভ্যান বাইরে যেতে পারেনি। তবে জেটিতে পণ্য ওঠানো-নামানো ছিল স্বাভাবিক। গতকাল বন্দরের মূল জেটিতে ১০টি এবং বহির্নোঙরে ১২টি জাহাজে পণ্য ওঠানো-নামানো হয়েছে। বহির্নোঙর থেকে জেটিতে ভিড়েছে ছয়টি জাহাজ। আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছেড়ে গেছে চারটি জাহাজ।বন্দরের প্রতিদিনের পণ্য ওঠানো-নামানো ও পরিবহনের চিত্রে দেখা যায়, হরতালের প্রথম দিন গত রোববার ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬৬ ইউনিট কনটেইনার জাহাজ থেকে নামানো হয়। জাহাজে বোঝাই করা হয় দুই হাজার ১৩৭ ইউনিট কনটেইনার। হরতালের কারণে বন্দর ইয়ার্ড থেকে বাইরে পণ্য সরবরাহ ছিল অস্বাভাবিক কম। বন্দরের হিসাব অনুযায়ী, রোববার চট্টগ্রাম বন্দর থেকে ৬৪১ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার পরিবহন হয়। সকাল-সন্ধ্যা হরতালের শেষে এসব কনটেইনার বন্দর থেকে বের করা হয়। অথচ বন্দর থেকে প্রতিদিন গড়ে এক হাজার ৬০০ কনটেইনার সরবরাহ হয়। গতকাল বন্দরে পড়ে ছিল ২০ হাজার ১৪৮ ইউনিট কনটেইনার।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। হরতালের সময়ও বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়া হয়েছে বলে তিনি জানান।