আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুঠোফোন, সিম কার্ড ও টেলিযোগাযোগ খাতের যন্ত্রপাতি আমদানির ওপর কর হার বাড়িয়েছে সরকার। এর ফলে দেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। অন্যদিকে বাড়তি কর আদায়ের ক্ষুদ্র স্বার্থ দেখতে গিয়ে সরকার কম দামে ডিজিটাল সেবা প্রাপ্তির বৃহত্তর লক্ষ্যকে বিসর্জন দিয়েছে।
মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) বাজেট প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মতামত তুলে ধরেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবির। অনুষ্ঠানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে ৯৫ শতাংশ ইন্টারনেট ব্যবহৃত হয় মুঠোফোনের মাধ্যমে। মুঠোফোন সেট আমদানিতে কর হার বাড়ায় দামও বাড়বে, এতে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার নিরুৎসাহিত হবে। উচ্চ করের কারণে মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ছাড়া আর কেউ লাভজনক অবস্থায় নাই।
চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালুর জন্য যন্ত্রপাতি আমদানির কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার সমালোচনা করা হয় অনুষ্ঠানে। এ বিষয়ে বলা হয়, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেবায় গত তিন বছরে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে মুঠোফোন অপারেটররা ঘরে তুলেছে মাত্র ছয় হাজার কোটি টাকা। যেখানে থ্রিজিতে বিনিয়োগের অর্থই এখনো উঠে আসেনি, সেখানে ফোরজির যন্ত্রপাতিতে বাড়তি কর এই শিল্পকে আরও চাপে ফেলবে। সিম কার্ড প্রতিস্থাপনে ১০০ টাকার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে এটি সম্পূর্ণ তুলে দেওয়ার দাবি জানিয়েছে অ্যামটব।